Home » ভয়াবহ রেল দুর্ঘটনা বাঁকুড়ার ওন্দায়, ২ মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত একাধিক বগি

ভয়াবহ রেল দুর্ঘটনা বাঁকুড়ার ওন্দায়, ২ মালগাড়ির সংঘর্ষে লাইনচ্যুত একাধিক বগি

সময় কলকাতা ডেস্ক,২৫ জুনঃ ওড়িশার বালেশ্বরের ভয়াবহ রেল দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তারই মধ্যে ফের ভয়াবহ রেল দুর্ঘটনা বাঁকুড়ায়। রবিবার ভোর ৪টে নাগাদ দু’টি মালগাড়ির ভয়াবহ সংঘর্ষ বাঁকুড়ার ওন্দায়। জানা গিয়েছে, লুপ লাইনে এই দুর্ঘটনার জেরে একটি ইঞ্জিন-সহ দু’টি মালগাড়ির মোট ১২টি বগি লাইনচ্যুত হয়েছে। গুরুতর আহত একটি মালগাড়ির চালক। এই দুর্ঘটনার জেরে ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেন চলাচল ব্যাহত হয় আদ্রা-খড়গপুর শাখায়। স্থানীয় সূত্রে খবর, ওন্দা স্টেশনের কাছে লুপ লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়ে ছিল। সেইসময় বাঁকুড়ার দিক থেকে আরও একটি মালগাড়ি এসে সজোরে ধাক্কা মারে প্রথম মালগাড়িটির পিছনে।

জোর সংঘর্ষে দু’টি গাড়ির ১২টি বগি লাইনচ্যুত হয়ে যায়। একটির উপর আরেকটি রেক উঠে যায়। লাইনচ্যুত হয় একটি ইঞ্জিন-সহ দুটি মালগাড়ির একাধিক বগি। ভোররাতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরা দ্বিতীয় মালগাড়িটির কেবিনে থাকা দু’জন চালককে উদ্ধার করেন। একই লুপ লাইনে কীভাবে দু’টি মালগাড়ি চলে এল, তা নিয়ে প্রশ্ন উঠছে। রেল কর্তৃপক্ষের গাফিলতির জেরেই এমনটা ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা। রেলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ কর্তারা। আদ্রা-খড়গপুর শাখায় বিঘ্নিত ট্রেন চলাচল। পোরবন্দর-সাঁতরাগাছি এক্সপ্রেসকে টাটানগরের দিকে ঘুরিয়ে দেওয়া বলেই জানা গিয়েছে। একইসঙ্গে আরও বেশ কিছু ট্রেন বাতিলও করা হয়েছে।

আরও পড়ুন   ভারতের শেষবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দশ বছর, কি করছেন সেই দলের ক্রিকেটারেরা?


উল্লেখ্য,গত ২ জুন সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর-হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯৪ ছাড়িয়ে গিয়েছে। আহত ১২০০ এরও বেশি মানুষ।

About Post Author