Home » উত্তাল ঝড়খালি ও বাসন্তী,আক্রান্ত বিজেপি প্রার্থীদের বাড়ি ঘুরে পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত

উত্তাল ঝড়খালি ও বাসন্তী,আক্রান্ত বিজেপি প্রার্থীদের বাড়ি ঘুরে পুলিশকে হুঁশিয়ারি দিলেন সুকান্ত

সময় কলকাতা ডেস্ক,১৬ জুন : উত্তাল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী ও ঝড়খালি। অভিযোগ,বৃহস্পতিবার মনোনয়ন জমা শেষ হতেই বাসন্তীতে একের পর এক বিজেপি প্রার্থীদের বাড়িতে হামলা চালানো হয়। আরও অভিযোগ বেধড়ক মারধর করা হয় প্রার্থীদের। বাড়িও ভাংচুর করা হয়েছে। যাবতীয় অভিযোগের তীর তৃণমূলের বিরুদ্ধে। শুক্রবার বাসন্তী ও ঝড়খালি ঘুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার হুঁশিয়ারি দিলেন পুলিশকে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলে পুলিশকে বার্তা তাঁর।

মনোনয়ন পর্ব শেষ হতে না হতেই রাজ্য অশান্ত। সবচেয়ে বেশি অশান্তির আঁচ পড়েছে দক্ষিণ চব্বিশ পরগনায়।রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপির। মনোনয়ন প্রত্যাহার করার জন্য চাপ দেওয়া হচ্ছে বিজেপি কর্মীদের। শুক্রবার সকালে সেই খবর পেয়েই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন বিকেলে এসে পৌঁছন বাসন্তীতে। সেখানে একে একে জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের হরেকৃষ্ণপুর, ঝড়খালির ত্রিদিবনগর ও চুনাখালি গ্রাম পঞ্চায়েতের কোটরাখালি এলাকায় আক্রান্ত কর্মীদের দেখতে যান তিনি। এই সন্ত্রাসের বিরুদ্ধে প্রয়োজনে আদালতে যাবেন বলে হুঁশিয়ারি দেন সুকান্ত। এদিন ঝড়খালি কোস্টাল থানাতে গিয়ে সেখানকার পুলিশকর্মীদের সাথে কথাও বলেন তিনি। পাশাপাশি এদিন বিকেলে সুকান্ত মজুমদার যখন থানায় যান তখন বিজেপি কর্মীরা থানার সামনে অবস্থান বিক্ষোভ করেন পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগে। সুকান্ত ছাড়াও এদিন ছিলেন জেলা ও রাজ্য বিজেপির অন্যান্য নেতৃবর্গ। ঝড়খালি থানার পর বাসন্তী থানায় গিয়েও পুলিশকে হুঁশিয়ারি দেন সুকান্ত। অবিলম্বে বিজেপি প্রার্থী, কর্মীদের যারা মারধর করেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে পুলিশকর্মীদের সতর্ক করেন।

সুকান্ত মজুমদার জানান, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আইন পরিস্থিতির সার্বিক অবনতির কথা জানিয়েছেন।রাজ্যপাল মুখে যা বলছেন তা প্রয়োগ করা প্রয়োজন জানান। মুখের কথায় কাজ হবে না বিলক্ষণ বুঝেছেন  সুকান্ত। বাসন্তী, ঝড়খালিতে ভোট করানো তাঁর কাছে যে চ্যালেঞ্জ তা তিনি পরিষ্কার বুঝেছেন আর সেজন্যই ” আইসি ব্যাটা ‘ দের হুঁশিয়ারি দিতেও ছাড়ছেন না বিজেপি রাজ্য সভাপতি।।

আরও পড়ুন : বিকিনি কিলার চার্লস শোভরাজ এখন কোথায় ?

About Post Author