Home » ব্রিজভুষণের ছায়া বাংলার ক্রীড়া জগতে! কোচের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ক্রীড়াবিদের

ব্রিজভুষণের ছায়া বাংলার ক্রীড়া জগতে! কোচের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ক্রীড়াবিদের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ জুলাই: বিজেপি সাংসদ তথা জাতীয় বক্সিং ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন দেশের কুষ্টিবিদরা। গোটা ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছিল দেশের ক্রীড়ামহলে। ধর্নায় বসেছিলেন জাতীয়-আর্ন্তজাতিক পদকজয়ী কুস্তিগীররা।
সেই বিতর্কের রেশ কাটতে না কাটতে এবার ব্রিজভুষণের ছায়া বাংলার ক্রীড়ামহলে।  শ্লীলতাহানির অভিযোগে হইচই পড়ে গিয়েছে। তবে কুস্তির আখড়ায় নয়, কোচের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সরব হয়েছেন জাতীয় স্তরের এক রোলার স্কেটিং খেলোয়াড়। তিনি ইতিমধ্যেই নিউ টাউন থানায় ওই কোচের বিরুদ্ধে লিখিত অভিযোগও দায়ের করেছেন

জানা গিয়েছে, রাজপুর-সোনারপুর পুরসভা এলাকার বাসিন্দা বছর পঁচিশের ওই নির্যাতিতা, তাঁর সঙ্গে কী ঘটনা ঘটেছে, রোলার স্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়াতে অভিযোগ জানিয়ে তাও ব্যাখ্যা করেছেন বলে সূত্রের খবর। তাঁর অভিযোগ, ‘স্কেটিং কোচ আলিমুদ্দিন আনসারি ওরফে আলি তাঁকে কুপ্রস্তাব দিয়েছিলেন। রাজি না হওয়ায় তাঁর শ্লীলতাহানিও করা হয়েছে। এমনকী, হুমকির মুখেও পড়তে হয়েছে।’

আরও পড়ুন   কয়লা পাচার মামলায় ফের ইডি-র হাজিরা এড়ালেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক

তরুণী খেলোয়াড়ের আরও অভিযোগ, ‘২০১৯ সালে যখন বিশাখাপত্তনমের ভাইজ্যাকে ন্যাশনাল স্কেটিং চ্যাম্পিয়নশিপে তিনি খেলতে গিয়েছিলেন, তখন থেকেই তাঁকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল। তাঁর এক বান্ধবীকেও একই ভাবে কুপ্রস্তাব দেওয়া হয়।’ ওই তরুণীর দাবি, ‘স্কেটিং কোচ বলেছিলেন, ‘এমন কিছু করে দেব, যাতে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়তে হবে। বড় বড় নেতাদের সঙ্গে আমার ওঠাবসা রয়েছে, কেউ কিছু করতে পারবে না।’ গোটা ঘটনায় তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যের ক্রীড়া জগতে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মঙ্গলবার গোপন জবানবন্দীর জন্য তাঁকে নিয়ে যাওয়া হয় বারাসাত আদালতে। এখন কতদিনে সুবিচার মেলে সেটাই দেখার।

About Post Author