সময় কলকাতা ডেস্ক,৩০ জুলাইঃ উত্তপ্ত মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই লজ্জাজনক ২৬ সেকেন্ডের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ভাইরাল হতেই দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। ভিডিয়ো দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছে এবং মূল অভিযুক্ত হুইরেম হেরোদাস মেইতি সহ মোট সাতজনকে গ্রেফতারও করা হয়েছে।এই ঘটনার পরেই তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। এবার মণিপুরে নির্যাতিতা ওই দুই কুকি উপজাতির মহিলাকে আর্থিক সাহায্য করলেন মণিপুরের রাজ্যপাল অনুসূয়া উইক। শনিবার তাঁদেরকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এমনকী তাঁদেরকে সব ধরণের সরকারি সাহায্য করা হবে বলেও আশ্বাস দিয়েছেন মণিপুরের রাজ্যপাল। এ প্রসঙ্গে রাজ্যপাল বলেন, ‘হিংসার ঘটনায় যারা মারা গিয়েছেন, যাদের বাড়ি পুড়েছে, সম্পত্তি নষ্ট হয়েছে তাঁদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে মণিপুর সরকার। এখানে দ্রুত শান্তি ফিরিয়ে নিয়ে আসা হবে। মণিপুরের বাসিন্দাদের ভবিষ্যতের জন্য আমি এবং আমরা সব ধরনের চেষ্টা করছি।’

ইতিমধ্যেই মণিপুরে ন্যাক্কারজনক এই ঘটনায় সিট গঠন করে তদন্ত শুরু করছে সিবিআই। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে খুব শীঘ্রই সিবিআই আধিকারিকরা মণিপুর যাবে। ওই দলে ফরেন্সিক অফিসার ছাড়াও কয়েকজন মহিলা আধিকারিকও থাকবেন বলেই সূত্রের খবর। বৃহস্পতিবার রাতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন, মণিপুরে ২ মহিলাকে নিগ্রহের ঘটনার তদন্তভার সিবিআই-কে দেওয়া হবে। এরপরই ওই ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। ইতিমধ্যে ন্যাক্কারজনক ওই ঘটনার তদন্তের জন্য ডিআইজি পদমর্যাদার আধিকারিকদের নেতৃত্বে সিট গঠন করেছে সিবিআই।
আরও পড়ুন অশান্ত মণিপুরে গেলেন ‘ইন্ডিয়া’ জোটের প্রতিনিধি দল,রাজ্যপালের সঙ্গেও সাক্ষাতের সম্ভাবনা

এসবের মাঝেই শনিবার সকালে অশান্ত মণিপুরে গিয়েছেন ‘ইন্ডিয়া’ জোটের ১৬টি দলের মোট ২০ জন প্রতিনিধি। মণিপুর পৌঁছেই তাঁরা দুই দলে ভাগ হয়ে যায়। একদল পাহাড়ি অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ কুকিদের সঙ্গে দেখা করে। অন্যদলটি উপত্যকায় মেইতেই সম্প্রদায়ের সঙ্গে দেখা করে। উপত্যকার ইম্ফল থেকে পাহাড়ের চূড়াচাঁদপুর– দুই প্রতিনিধিদল সর্বত্র গিয়েছে। ত্রাণ শিবিরগুলিতে মহিলা ও শিশুদের করুণ পরিস্থিতি দেখে স্তম্ভিত তাঁরা। রবিবার সকালে মণিপুরের রাজ্যপালের সঙ্গে ইন্ডিয়া জোটের প্রতিনিধিদল দেখা করেছে। বিরোধীদের দাবি, গত ৮৯ দিন ধরে প্রধানমন্ত্রী যেভাবে মণিপুর নিয়ে মৌনব্রত নিয়েছেন, তাতেই বোঝা যায়, মণিপুর নিয়ে তাঁর মানসিকতা কী। এদিন রাজ্যপাল অনুসূয়া উইকের সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে মণিপুর ইস্যুতে স্মারকলিপি তুলে দেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। মণিপুরের রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন ‘ইন্ডিয়া’ জোটের ২১ জন সাংসদ। তাঁদের জমা দেওয়া স্মারকলিপিতে রীতিমতো তীব্র ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ শানানো হয় বলেই সূত্রের খবর।


More Stories
দাতিয়ায় উপনির্বাচনে ধরাশায়ী বিজেপি, জয়ী কংগ্রেস
গুজরাটে মাঞ্জালপুরে বিজেপি জয়ী
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, নিহত অন্তত ৫, আরও প্রাণহানির আশঙ্কা