সময় কলকাতা ডেস্ক,২ আগস্ট: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে অতি ভারী নিম্নচাপ তৈরি হয়েছে। যার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে মঙ্গলবার রাত থেকেই শুরু হয়েছে ভারী বৃষ্টি। একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। বুধবারও সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। দিনভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে,গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মুক্তি মেলেনি বঙ্গবাসীর। আপেক্ষিক আর্দ্রতার জেরে বেড়েছে গরম।

হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন সকাল থেকেই আকাশ মেঘলা। কলকাতা ও তার আশপাশের এলাকায় ছিটেফোঁটা বৃষ্টিও শুরু হয়েছে। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৬২ থেকে ৮৭ শতাংশ।
আরও পড়ুন ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস, সকাল থেকে শুভেচ্ছাবার্তা পাঠাচ্ছেন সমর্থকরা

পূর্বাভাস বলছে,বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওডিশা, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, গোয়া, মহারাষ্ট্রে ভারী বৃষ্টিপাত চলবে বলেই খবর। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাটে। ইতিমধ্যেই সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশ এবং রাজস্থানে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী