সময় কলকাতা,৯ আগস্ট : কথায় আছে সবুরে মেওয়া ফলে! আন্তরিক চেষ্টা থাকলে কি না হয়! আজ ভারতের বহু জনপ্রিয় ফল কেউ না কেউ কখনও বিদেশ থেকে এনেছিলেন। সেই চাষ ক্রমে জনপ্রিয় হয়ে ওঠে। এভাবেই এদেশে এসেছে আঙ্গুর, হালে এসেছে ড্রাগন ফল। আরও কতশত ফল যা আমরা বাড়ির পাশে ফলতে দেখি তা সুদূর অতীতে কেউ হয়তো ভারতে এনেছিলেন। তাদের নাম হয়তো কেউ মনে রাখে নি।হামিদও এরকমই এক মানুষ। ইতিহাস উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের হাসনাবাদ ব্লকের পাটলি খানপুর গ্রাম পঞ্চায়েতের বেনা গ্রামের আব্দুল হামিদ মন্ডলকে মনে রাখবে কিনা তা জানা নেই কিন্তু তার আজন্মলালিত স্বপ্নকে সে সফল করেছে। হামিদ এক টুকরো আরবকে যেন তুলে এনেছে বঙ্গে।আরব থেকে মরিয়ম খেজুর বীজ নিয়ে এসে তার বাড়ির লাগোয়া জমিতে রোপণ করেছিল সে, ফল পাচ্ছে, গাছে এবার ধরেছে থোকা থোকা মরিয়ম খেজুর। কিকরে হল অসাধ্য সাধন?
তার আগে বলা দরকার মরিয়ম খেজুরের কথা। মরিয়ম খেজুরের নাম শোনেনি এ রকম মানুষ খুব কমই পাওয়া যায়। এ খেজুরের বিভিন্ন উপকারিতার কারনে সবধরণের খেজুরের মধ্যে এ খেজুরটি বেশ জনপ্রিয়। গবেষকদের মতে, শুকনো খেজুরের মধ্যে মরিয়ম খেজুর সবচেয়ে বেশি উপকারী ও পুষ্টিগুণ সম্পন্ন।আর এই খেজুরের দাম খুব একটা কম নয়। মরিয়ম খেজুর আকৃষ্ট করেছিল বসিরহাটের হামিদকে।স্কুল জীবন থেকেই সঞ্চয়ী হামিদ।বাবা মা স্কুলে যাবার সময় খাবার খাওয়া যে টাকা দিতো সেই টাকা জমিয়ে রাখত।বহুদিন ধরে বিন্দু বিন্দু করে সিন্ধু গড়ে তুলে তার স্বপ্নপূরণ করেছে । বছর তিনেক আগে গ্রাম থেকে বেশ কিছু মানুষ আরবে হজ করতে গিয়েছিলেন তাদের কাছে আরব থেকে মরিয়াম খেজুরের বীজ আনার টাকা দেয়। তার মনে একটাই প্রশ্ন ছিল আমাদের ভারতের মাটিতে এই খেজুর গাছ হওয়া কি সম্ভব? কারণ এই গাছের চাষ বঙ্গে হয়েছে বলে কেউ শোনেনি।
বসিরহাট নিবাসী আব্দুল হামিদ মন্ডল জানান, তিনি অটো গ্যারেজে কাজ করতেন, গ্রামের এক হাজি সাহেবের মাধ্যমে বীজ নিয়ে এসে চারা তৈরি করেন। তিনি গ্যারেজের কাজ কম করে ও খেজুর গাছের দিকে বেশি সময় দিতেন। তার স্ত্রী জানান, সংসার চালানোর টাকা থেকে টাকা সরিয়ে খেজুর গাছের রসদ যেমন তেল ,সার প্রভৃতি কিনে আনেন। স্বপ্ন যে সফল করতেই হবে!
হামিদ বছর তিনেক আগে প্রচুর পরিশ্রম করে প্রায় ৩০টি খেজুর গাছ লাগিয়েছিলেন এবার গাছে ফলন দেখা দিয়েছে। এতে খুশি বাঁধ ভেঙেছে হামিদ ও তার বাড়ির লোকের । আরবের মরিয়ম খেজুর দেখার জন্য বহু দূর থেকে মানুষ ভিড় জমাচ্ছেন তার বাড়িতে। স্থানীয় মানুষরা জানিয়েছেন, হামিদের গাছের খেজুর স্বাদেও অপূর্ব। সবুরে মেওয়া ফলুক না ফলুক – মরিয়ম খেজুর যে বঙ্গে ফলে তার প্রত্যক্ষ প্রমাণ আব্দুল হামিদ মন্ডল।।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ