Home » ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণাবর্তের জেরে সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক, ১২  আগস্ট: বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জেরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। যার কারণে সপ্তাহান্তে কলকাতা সহ জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানা গিয়েছে। বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েকদিন ধরেই নিম্নচাপের কারণে কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যার কারণে একধাক্কায় অনেকটাই নেমেছে তাপমাত্রার পারদ। যদিও দিনভর বৃষ্টি হলেও গুমোট গরমের থেকে স্বস্তি মেলেনি বঙ্গবাসীর। তবে, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানা গিয়েছে। এদিকে, উত্তরবঙ্গেও তুমুল দুর্যোগের সম্ভাবনা রয়েছে। জারি লাল সতর্কতা।

আরও পড়ুন    পেরুর গ্রামে উপজাতিরা এলিয়েন বা ভিনগ্রহীদের হামলায় আতঙ্কিত

হাওয়া অফিস সূত্রে খবর, বিহার এবং উত্তরপ্রদেশের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। বিহারের ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা উত্তর- পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে।  যার কারণে শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা। এদিকে, গুমোট আবহাওয়া জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতা ও তার আশপাশের এলাকায়  দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভবনা রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০.৪ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৪ থেকে ৯৬ শতাংশ।

পূর্বাভাস বলছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,পূর্ব ও পশ্চিম বর্ধমানে নিম্নচাপের কারণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদহ ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে,উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শনিবার  দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, ছত্তীসগড়, মধ্য মহারাষ্ট্র, ওড়িশা ও গুজরাট রাজ্যে। উত্তর, মধ্য ও দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুম্বই, পুনে এবং মহারাষ্ট্রের অন্য শহরগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অরুণাচল প্রদেশ, অসম,মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About Post Author