Home » পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দারস্থ সিবিআই

পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় লালু প্রসাদের জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে দারস্থ সিবিআই

সময় কলকাতা ডেস্ক, ১৯ আগস্ট: চাকরি দুর্নীতি মামলার পর এবার পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় ফের সিবিআই স্ক্যানারে লালু প্রসাদ যাদব। পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুর জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে আবেদন করল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, লালু প্রসাদ যাদবকে ফের জেলে পাঠাতে হবে। আগামী ২৫ আগস্ট এই মামলার শুনানি। পশুখাদ্য কেলেঙ্কারিতে মোট পাঁচটি মামলায় দোষী সাব্যস্ত হন লালুপ্রসাদ যাদব। দোষী সাব্যস্ত হওয়ায় ২০১৭ সালের ডিসেম্বর মাসে তাঁকে জেলে যেতে হয়। তারপর দীর্ঘদিন জেলে কাটাতে হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। এরপর শারীরিক অসুস্থতার কারণে লালুকে সম্প্রতি জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। ঝাড়খণ্ড হাইকোর্টের সেই রায়ের বিরোধিতা করেই এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই।

উল্লেখ্য,বিহারের মুখ্যমন্ত্রী থাকাকালীন মোট ৯৫০ কোটি টাকা পশুখাদ্য কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। সেই সঙ্গে ট্রেজারি দুর্নীতির অভিযোগও উঠেছিল। সূত্রের খবর,কোনরকম নিয়ম না মেনেই ট্রেজারি থেকে ১৩৯.৩৫ কোটি টাকা আত্মসাৎ করেছিল লালু প্রসাদ। এরপরই ট্রেজারি মামলায় দোষী সাব্যস্ত করে তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু করে সিবিআই। কিন্তু অনেক আগেই ট্রেজারি মামলায় জামিন পায় লালু প্রসাদ যাদব। এরপর পশুখাদ্য কেলেঙ্কারি মামলায়ও তাঁকে জামিন দেওয়া হয়। এদিকে গত ৩১ জুলাই বিহারে জমির বদলে চাকরি দুর্নীতি মামলার বিহরের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। জানা গিয়েছে, এদিন লালুপ্রসাদ ও তাঁর পরিবারের প্রায় ৬ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। চাকরি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই লালুপ্রসাদ যাদব,তাঁর স্ত্রী রাবাড়ি দেবী এবং ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে মামলা শুরু করেছে ইডি। গত ৩ জুলাই জমির বদলে চাকরি দুর্নীতি মামলার চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটেই লালুপ্রসাদ যাদব, স্ত্রী রাবড়ি দেবী এবং তেজস্বী যাদব সহ আরও ১৪ জনের নাম রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন     পঞ্চাশ বছর বয়সী মহিলা জেলকর্মীর বিরুদ্ধে ১৫ বছরের কিশোর বন্দীর সঙ্গে ওরাল সেক্স করার অভিযোগ

জমির বদলে রেলে চাকরি দুর্নীতি মামলায় গত মার্চ মাসেই আগাম জামিন পান বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে লালু প্রসাদ যাদব সহ তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও কন্যা মিশা ভারতীকে আগাম জামিনের নির্দেশ দেয়।  প্রসঙ্গত, ইউপিএ জামানায় ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত কেন্দ্রীয় রেলমন্ত্রী ছিলেন আরজেডি নেতা লালু প্রসাদ যাদব। সেসময় তিনি জমির বদলে রেলের গ্রুপ ডি পদে বহু যুবক-যুবতীকে চাকরি দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ওই সময়কালে বিহারের মুখ্যমন্ত্রী ছিলেন রাবড়ি দেবী। অভিযোগ, তিনিও জড়িত ছিলেন এই নিয়োগ দুর্নীতিতে। এমনকী লালুকন্যা আরজেডি সাংসদ মিশা ভারতীও জড়িত ছিলেন বলে অভিযোগ। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, পুরোনো মামলা ফের নতুন করে সামনে এনে বিরোধী নেতাদের হেনস্থা করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। এই বিষয়ে দেশের ৯টি বৃহৎ রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব একযোগে চিঠি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিযোগ জানিয়েছিলেন। ওই চিঠিতেই সাক্ষর করেছিলেন আরজেডি সুপ্রিমো তেজস্বী যাদবও। কিন্তু এরপরই ইডি-সিবিআই তৎপরতা দেখাতে শুরু করেছে বলেই অভিযোগ জানিয়েছেন তেজস্বী।

About Post Author