Home » কেন উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হচ্ছে?

কেন উত্তরবঙ্গের বিভিন্ন চা বাগান থেকে চিতাবাঘের দেহ উদ্ধার হচ্ছে?

সানি রায়, সময় কলকাতা ,৩০ আগস্ট :  একমাস বা দুমাসের ব্যবধানে কোনও না কোনও চা বাগান থেকে চিতাবাঘের মৃতদেহ খুঁজে পাওয়া যাচ্ছে।কেন ধারাবাহিকভাবে চা বাগান থেকে এত চিতাবাঘের দেহ উদ্ধার হচ্ছে সে রহস্য উদ্ঘাটন করার ক্ষেত্রে সরকারী-স্তরে সেরকম উদ্যোগ নেওয়া হচ্ছে না। রুটিন ময়না তদন্ত হচ্ছে, আবার যেই কে সেই! ধোঁয়াশা থেকেই যাচ্ছে।

এবার আবার চা বাগানে উদ্ধার হল চিতাবাঘের মৃতদেহ। চা বাগানের বাইরের দিকে নালা থেকে উদ্ধার মৃতদেহ  ঘিরে মঙ্গলবার চাঞ্চল্য ছড়ায় ডুয়ার্সের আইভিল চা বাগানের ৫ নম্বর সেকশন এলাকায়।জানা গিয়েছে,একটি পূর্ণবয়স্ক লেপার্ড এর মৃত দেহ দেখতে পান বাগানের শ্রমিক। ঘটনাটি ঘটে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের খুনীয়া রেঞ্জের অন্তর্গত আইভিল চা বাগানের পাঁচ নম্বর সেকশনে। জানা গেছে শ্রমিকরা এ দিন সকালে কাজে যোগ দিতে গেলে আইভিল চা বাগানের ৫ নম্বর সেকশনে নালার মধ্যে দেহটি পড়ে থাকতে দেখেন ।এরপরেই খবর দেওয়া হয় চা বাগানের ম্যানেজারকে। পরবর্তীতে খবর পেয়ে খুনিয়া রেঞ্জের বনকর্মীরা দেহটি উদ্ধার করে নিয়ে যান। তবে কি কারনে লেপার্ড এর মৃত্যু তা নিয়ে কিন্তু এখনো সঠিক উত্তর পাওয়া যায়নি। ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ বলে জানিয়েছেন বন কর্মীরা।

তবে এরকম ঘটনা প্রথম নয়। বিগত কয়েকমাস ধরেই বিভিন্ন সময় উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চা বাগান বা চা বাগান লাগোয়া রাস্তা থেকে উদ্ধার হয়েছে চিতাবাঘের মৃতদেহ। এবছর মার্চ মাসে শিলিগুড়ি মহাকুমার ফাঁসিদেওয়া ব্লকের গয়াগঙ্গা চা বাগানের ১৮ নম্বর লাইনে  চিতাবাঘের মৃতদেহ উদ্ধার হয়।তার দুমাস আগে আরেকবার মিলেছিল চিতাবাঘের দেহ ।মনে করা হয়েছিল গাড়ির ধাক্কায় চিতাবাঘের মৃত্যু হয়েছিল কারণ শিলিগুড়ি মহকুমার বাগডোগরার সিঙ্গিঝোড়া চা বাগান সংলগ্ন এলাকার এশিয়ান হাইওয়েতে।কিন্তু ঘাতক গাড়ির সন্ধান মেলে নি।ডুয়ার্সের বানারহাট ব্লকের ডায়না চা বাগানেও মিলেছিল চিতার দেহ। এছাড়াও এবছর ও গত বছরে একাধিক চিতার দেহ উদ্ধার হয়েছে।অনেক ক্ষেত্রেই রহস্যের অবকাশ থেকেছে। সবমিলিয়ে, চোরাশিকারীদের সঙ্গে চিতাবাঘের মৃত্যুর যোগসূত্র থাকা সম্ভব বলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও অদূর ভবিষ্যতে  সন্দেহকে সঠিক রূপ দিয়ে যথাযথ তদন্ত হবে কিনা তার উত্তর অজানা।

আরও পড়ুন :কোটায় ছাত্রদের আত্মঘাতী হওয়ার নেপথ্যে মানসিক চাপের বিষয়ে সরব রাজস্থানের মন্ত্রী

About Post Author