সময় কলকাতা ডেস্ক,৮ সেপ্টেম্বর : ডার্বি হারের ক্ষত শুকোয় নি। দুধের স্বাদ ঘোলে না মিটলেও,সামান্য হলেও সেই যন্ত্রনায় উপশম করার চেষ্টা করলেন ইস্টবেঙ্গলের দ্বিতীয় দলের খেলোয়াড়রা। জর্জ টেলিগ্রাফকে ৪-০ গোলে কলকাতা লিগের সুপার সিক্সে পৌঁছে গেল। হ্যাটট্রিক করলেন জেসিন টিকে। তাজা হাওয়া মুষড়ে পড়া ইস্টবেঙ্গল শিবিরে নিয়ে এলেন বিষ্ণু, জেসিন টিকেরা।
গত কয়েকদিন দিন ধরেই ইস্টবেঙ্গল শিবিরে রীতিমত শোক আর অস্থিরতার আবহ। ডার্বিতে একে লড়াই করেও হেরে যাওয়া, পাশাপাশি একই ম্যাচে দশজনের মোহনবাগানকে না হারাতে পারার যন্ত্রনা। তার মধ্যে গোদের ওপর বিষফোঁড়ার মত যোগ হয়েছে জর্ডন এলসের চোট। অল্পদিনেই ইস্টবেঙ্গল রক্ষণের ভরসা হয়ে ওঠা এলসের বিকল্প খুঁজতেই জেরবার লাল হলুদের ম্যানেজমেন্ট। সবমিলিয়ে ভালো নেই লাল হলুদ। আর এখানেই তাজা হাওয়া বয়ে নিয়ে এলেন ইস্টবেঙ্গলের তরুণ ব্রিগেড।নিজেদের মাঠে গুনেগুনে চার গোল দিলেন তাঁরা।
প্রথম অর্ধে গোল পায় নি লাল হলুদ। পেকার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। জর্জ্যের একটি আক্রমণ প্রতিহত করেন গোলরক্ষক আদিত্য পাত্র। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঢেউ আছড়ে পড়ে জর্জ রক্ষণে। বদলি হিসেবে খেলতে নামা জেসিন টিকে আর বিষ্ণু ইস্টবেঙ্গল আক্রমণের ঝাঁজ বাড়ান। দ্বিতীয় অর্ধের খেলা শুরু হতেই জর্জ টেলিগ্রাফের দুই খেলোয়াড়কে ডজ করে বেরিয়ে জেসিন টিকে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন। আর রুখে রাখা যায় নি লাল হলুদকে।দু মিনিটের মধ্যে আবার এগিয়ে দেন সেই জেসিন টিকে। ৫৯ মিনিটে তুহিন দাসের কাছ থেকে বল পেয়ে বিষ্ণু তৃতীয় গোল করেন।৮১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে হ্যাটট্রিক করার সাথে সাথে জর্জের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জেসিন টিকে।।


More Stories
জিতল লাল হলুদ,অভিষেকে ইউসেফের জোড়া গোল
পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছেঁটে ফেলতে পারে আইসিসি?
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বদলে আইসল্যান্ড? নেট- দুনিয়ায় হইচই