সময় কলকাতা ডেস্ক, ৮ সেপ্টেম্বর: বন্যায় বিপর্যস্ত হিমাচল প্রদেশ। বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না হিমাচল প্রদেশের। চলতি সপ্তাহ থেকে হিমাচলের কুলুতে মেঘভাঙা বৃষ্টির জেরে বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। প্রকৃতির রোষে অসহায় গোটা রাজ্য। এখনও পর্যন্ত প্রায় দশ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এহেন পরিস্থিতিতে এবার হিমাচল প্রদেশের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন সূত্রে জানা গিয়েছে, হিমাচলের দুর্গত মানুষদের সাহায্যের জন্য রাজ্য সরকারের তরফে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে হিমাচল সরকারকে। এর আগে আগস্টের শেষ দিকে বিপর্যস্ত হিমাচল পুনর্গঠনের জন্য প্রায় ৩৫০ কোটি টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, মোট ৩৬০ কোটি টাকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। এবার বন্যায় বিপর্যস্ত হিমাচলের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিল থেকে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, বর্ষার তাণ্ডবলীলায় প্রায় একমাস ধরে বিপর্যস্ত হিমাচল প্রদেশ সহ সমগ্র উত্তর ভারত। একটানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছে পথঘাট, ভেসে গিয়েছে ঘরবাড়ি। ভূমিধসে ছিন্নভিন্ন পাহাড়ি এলাকা। রাস্তাঘাট ভেঙে পড়ায় বিচ্ছিন্ন বহু জেলা। নেই বিদ্যুৎ, জল, ইন্টারনেট পরিষেবা। প্রাকৃতিক বিপর্যয়ে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। সরকারি তথ্য বলছে, অন্তত ১৪৬ জন মারা গেছেন এই রাজ্যে। জানা গিয়েছে, বিভিন্ন জেলার ট্যুরিস্ট স্পটগুলিতে প্রচুর পর্যটক আটকে পড়েছেন। স্পিতি উপত্যকার চন্দ্রতালের কাছে এখনও পর্যন্ত আটকে রয়েছেন বহু পর্যটক। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করছেন মুখ্যমন্ত্রী। তাঁদের উদ্ধারের সব রকম চেষ্টা চালানো হচ্ছে। হেলিকপ্টারে করে ওই অঞ্চল পরিদর্শন করছেন সরকারি আধিকারিকরা। সেইসঙ্গে দুর্যোগ চলছে উত্তরাখণ্ডেও। একাধিক ভূমিধসের কারণে বদ্রীনাথ জাতীয় সড়ক-সহ বেশ কিছু রাস্তা বন্ধ। পর্যটক ও তীর্থযাত্রীরা চরম ভোগান্তিতে।
আরও পড়ুন রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া, জি-২০ বৈঠকের বিশেষ নৈশভোজে যোগ দিতে দিল্লি যাচ্ছেন মমতা

অতি ভারী বৃষ্টির কারণে বর্তমানে রাজ্যের ৭০৯টি সড়ক ধসের জেরে বন্ধ রয়েছে। দুই হাজারেরও বেশি বাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় সাড়ে নয় হাজারের বেশি বাড়ি। বন্যা বিপর্যস্ত হিমাচলে ঘরছাড়াদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যেই বিপর্যস্ত এলাকাগুলি ঘুরে দেখেছে কেন্দ্রের প্রতিনিধি দল। বুধবার থেকে উত্তরাখণ্ড ও হিমাচল প্রদেশের একাধিক এলাকায় ফের শুরু হয়েছে ভারী বৃষ্টি। এর ফলে প্রবল বেগে জলস্তর বাড়ছে বিপাশা নদীর। সেই সঙ্গে একাধিক জায়গায় ধসের খবরও মিলেছে। বিপর্যস্ত একাধিক রাস্তা থেকে সেতু। জলের তোড়ে ভেসে গিয়েছে বহু এলাকা। হিমাচল প্রদেশে ভারী বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্কুল, কলেজ। হিমাচল প্রদেশে বিকল হয়ে পড়েছে জল সরবরাহের ১৪৯টি প্রকল্প। গোটা রাজ্যের পরিস্থিতি মোকাবিলা করতে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যা ক্ষতি হয়েছে সেই পরিকাঠামো গড়ে তুলতে আরও এক বছর সময় লাগবে।


More Stories
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ
অনশনের ১৭ দিনে অসুস্থ সোনম ওয়াংচুকের জন্য উদ্বিগ্ন লেখক -অভিনেতা -বুদ্ধিজীবীরা
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?