Home » এবার দিল্লিতে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ মেগা বৈঠক

এবার দিল্লিতে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ মেগা বৈঠক

সময় কলকাতা ডেস্ক, ১০ সেপ্টেম্বরঃ আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে কেন্দ্র। ঠিক তার আগেই ১৩ সেপ্টেম্বর দিল্লিতে বসতে চলেছে ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ মেগা বৈঠক। জানা গিয়েছে, চতুর্থ বৈঠকে শুধুমাত্র সমন্বয় কমিটি এবং নির্বাচনী কৌশল সংক্রান্ত কমিটির সদস্যেরা যোগ দেবেন। এনসিপি প্রধান শরদ পওয়ারের দিল্লির বাংলোয় ওই বৈঠক হবে বলে বিরোধী জোটের সূত্রে জানা গিয়েছে। বৈঠকে ‘ইন্ডিয়া’র প্রথম জনসভার দিনক্ষণ এবং স্থান নির্ধারিত হতে পারে বলেই জানা গিয়েছে। বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের চতুর্থ বৈঠকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার পাশাপাশি দলগুলির মধ্যে আসন ভাগাভাগি নিয়েও প্রাথমিক স্তরে আলোচনা হতে পারে। বৈঠকে ৪৫০টি আসনের প্রসঙ্গ উঠতে পারে বলেই সূত্রের খবর।

প্রসঙ্গত, ৩১আগস্ট ও ১ সেপ্টেম্বর, এই দু’দিন মুম্বইতে বিরোধী জোটের মেগা বৈঠকের ডাক দিয়েছিলেন উদ্ধব ঠাকরে এবং শরদ পওয়ার। আয়োজকের তালিকায় নাম ছিল কংগ্রেসও। এই বৈঠকের আয়োজন করা হয়েছিল মুম্বইয়ের সান্তাক্রজ এলাকার বান্দ্রা কুর্লা রোডের গ্র্যান্ড হায়াত হোটেলে। জোটের বার্তাবাহী ‘জুড়েগা ভারত, জিতেগা ইন্ডিয়া’ নামের স্লোগানও চালু করা হয়। ওই বৈঠকে আঞ্চলিক স্তরের বোঝাপড়া নিয়েও কথা হয়। মুম্বইতে ইন্ডিয়া জোটের তৃতীয় বৈঠকে ১৪ সদস্যের কো-অর্ডিনেশন কমিটিও গঠন করে ‘ইন্ডিয়া’। জানা গিয়েছে, এই কমিটিই আপাতত জোটের সর্বোচ্চ নীতি নির্ধারকের ভূমিকা পালন করবে। এই বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২ অক্টোবর গান্ধি জয়ন্তীর দিন জোটের ইস্তাহার প্রকাশ করে দেওয়া হোক। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সব দলকে অভিন্ন ন্যূনতম কর্মসূচি প্রকাশের বিষয়ে মতামত জমা করার পরামর্শ দেন।

তবে, এদিন লোগো উন্মোচন কর্মসূচি বাতিল করা হয়েছে। জানা গিয়েছে, শেষ মুহূর্তে লোগোর ডিজাইন পরিবর্তনের প্রস্তাব এসেছে কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে। কার্যত সেকারণেই আপাতত এই বৈঠকে লোগো প্রকাশ করা হচ্ছে না বলেই সূত্রের খবর। তৃণমূলের তরফে এই কমিটিতে রয়েছেন দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও এই কমিটিতে সিপিআইএম-এর সম্পাদক সীতারাম ইয়েচুরি বা তাঁর দলের কারও নাম নেই। এখনও পর্যন্ত কমিটির চেয়ারম্যান হিসাবে কারও নাম ঘোষণা করা হয়নি। কমিটির বাকি সদস্যরা হলেন, কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল, আরজেডির তেজস্বী যাদব, এনসিপি প্রধান শরদ পাওয়ার, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত, জেডিইউ নেতা লল্লন সিং, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, আপ সাংসদ রাঘব চড্ডা, সমাজবাদী পার্টির নেতা যাদব আলি খান, সিপিআই নেতা ডি রাজা, ডিএমকে নেতা টি আর বালু, জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং অপর প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

About Post Author