Home » বিশেষ অধিবেশনে মহারাষ্ট্র থেকে পৃথক হবে মুম্বই? কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি

বিশেষ অধিবেশনে মহারাষ্ট্র থেকে পৃথক হবে মুম্বই? কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় রাজ্য-রাজনীতি

সময় কলকাতা ডেস্ক, ১১ সেপ্টেম্বর: বিস্ফোরক মন্তব্য করলেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পটোল। সোমবার তিনি দাবি করেছেন, মহারাষ্ট্র থেকে মুম্বইকে পৃথক করে কেন্দ্রশাসিত রাজ্য বানাতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেইজন্য ডাকা হয়েছে সংসদের বিশেষ অধিবেশন। কংগ্রেস নেতার মন্তব্যে তোলপাড় দেশের রাজ্য-রাজনীতি। মহারাষ্ট্রের কংগ্রেস প্রধান ও মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার নানা পটোল। ফলে তাঁর বক্তব্যকে গুরুত্ব দিতেই হয়।

সংবাদমাধ্যমের সামনে তিনি অভিযোগ করেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কোভিড মহামারী নিয়ে বিশেষ অধিবেশন ডাকেননি। ২০১৬ সালে নোটবন্দি নিয়েও বিশেষ অধিবেশন ডাকেননি। এমনকি মণিপুরের মতো বিষয় নিয়ে সংসদের বিশেষ অধিবেশন ডাকেননি। এখন সরকারের ইচ্ছা হয়েছে বিশেষ অধিবেশন ডাকার। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটা পরিকল্পনা করে করা হয়েছে। এই অধিবেশন মুম্বাইকে মহারাষ্ট্র থেকে পৃথক করা হবে। এবং একটি কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করা হবে।”

আরও পড়ুন   চন্দ্রবাবু নাইডুর গ্রেফতারির প্রতিবাদে অন্ধ্রজুড়ে বিক্ষোভ-অনশন, সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতাও

এখানেই থেমে থাকেননি মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার। এরপর আরও একধাপ এগিয়ে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ করেন। তিনি বলেন, ওই বিশেষ অধিবেশনে ‘ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ’ এবং ‘বম্বে স্টক এক্সচেঞ্জ’কে মহারাষ্ট্র থেকে গুজরাটে স্থানান্তরিত করা হতে পারে। নানার দাবি মহারাষ্ট্রের পূর্বতন মহা আঘাদির সরকার এই রাজ্য বিরোধী এইসব কর্মকাণ্ডের প্রতিবাদ করে মোদি সরকারের বিরাগভাজন হয়।

চলতি মাসের ১৮ থেকে ২২ সেপ্টেম্বর সংসদে বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। এটিই দ্বিতীয় মোদি সরকারের শেষ অধিবেশন। যদিও এই অধিবেশনে কি নিয়ে আলোচনা করা হবে সেবিষয়ে পরিষ্কার কিছু বলা হয়নি। বিশেষ অধিবেশনের বিশেষ এজেন্ডা কি হবে তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। অনেকে মনে করছেন ‘ইন্ডিয়া’ নাম বদল করে ‘ভারত’ করে মাস্টারস্ট্রোক দেবে মোদি সরকার। এখন যতদিন না বিশেষ অধিবেশন শুরু হচ্ছে, ততদিন এবিষয়ে জল্পনা জিইয়ে থাকবে বলে মত সংশ্লিষ্ট মহলে।

About Post Author