Home » ভারত-পাক ম্যাচে তৈরি হওয়া কয়েকটি নজির

ভারত-পাক ম্যাচে তৈরি হওয়া কয়েকটি নজির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ সেপ্টেম্বর: এশিয়া কাপের শেষ চারের মেগাম্যাচে পাকিস্তানকে দুরমুশ করেছে ভারত। ভারত-পাকিস্তান-বৃষ্টি সোমবার কলম্বোর প্রেমদসায় ত্রিফলা লড়াইয়ে স্বস্তির জয় পেয়েছে ভারত। সৌজন্যে বিরাট ও রাহুলের জোড়া শতরান ও কুলদীপ যাদবের অনবদ্য ৫ উইকেট। আইসিসির একনম্বর একদিনের দলকে হারানো বিশ্বকাপের আগে ভারতীয় শিবিরকে বাড়তি অক্সিজেন দেবে বলে মত বিশেষজ্ঞ মহলের। বহু দিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করে রাহুলের ইনিংস, কোহলির ফর্মে ফেরা, ওপেনিং জুটিতে গিল-রোহিতের নির্ভরযোগ্য ইনিংস, কুলদীপের ৫ উইকেট সব মিলিয়ে সোমবার অনেকগুলি সদর্থক দিক নিয়েই মাঠ ছাড়ল ভারত। ভারত-পাক ম্যাচে তৈরি হওয়া কয়েকটি নজিরের দিকে এবার আলোকপাত করা যাক…

১) ১৩ হাজার রানের ক্লাবে বিরাট: পাকিস্তানের বিরুদ্ধে অনবদ্য ১২২ রানের ইনিংস খেলেছেন বিরাট কোহলি। একইসঙ্গে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ক্রিকেটের পোস্টার বয়। বিশ্বের পঞ্চম ও দ্বিতীয় ভারতীয় হিসেবে এই রেকর্ড করেছেন বিরাট। একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় এখন বিরাটের উপরে রয়েছেন শচীন, সাঙ্গাকারা, পন্টিং ও জয়সূর্য।

২) দ্রুততম ১৩ হাজার রানের মালিক: একদিনের ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের মালিক হলেন বিরাট কোহলি। ১৩ হাজার রানের ক্লাবে ঢুকতে বিরাট নিলেন ২৬৭ টি ইনিংস। যেখানে সচিন নিয়েছিলেন ৩২১ টি ইনিংস। তৃতীয় স্থানে রিকি পন্টিং। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক নিয়েছিলেন ৩৪১ টি ইনিংস। বর্তমানে খেলা ক্রিকেটারদের মধ্যে এই রানের ধারেকাছেও কেউ নেই।

আরও পড়ুন    পাকিস্তানকে নাস্তানাবুদ করে এশিয়া কাপের সুপার ফোরে অভিযান শুরু ভারতের

৩) ৪৭ টি শতরানের মালিক বিরাট: পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত শতরান করেছেন বিরাট। একদিনের ক্রিকেটে এটা ছিল বিরাটের ৪৭ তম শতরান। একদিনের ক্রিকেটে সব থেকে বেশি শতরানের মালিক ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। সচিনের শতরানের সংখ্যা ৪৯ টি। আর মাত্র ২ টি শতরান করলে শচীনকে ছুঁয়ে ফেলবেন বিরাট। যদিও ৪৯ টি শতরান করতে সচিনের লেগেছিল ৪৬৩ টি ম্যাচ। ২৭৮ টি ম্যাচ খেলে ৪৭ টি সেঞ্চুরির মালিক বিরাট।

৪) কিং অব কলম্বো বিরাট : কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টানা চতুর্থ একদিনের ম্যাচে শতরান করলেন বিরাট। ২০১২ ও ২০১৭ সালে তিনটি একদিনের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করেছিলেন বিরাট। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে সেই অঙ্কটা দাঁড়াল ৪ এ। একটি স্টেডিয়ামে পরপর সেঞ্চুরি করার রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার হাসিম আমলার। সেই রেকর্ড ভাঙলেন বিরাট।

৫) ‘বি-রা’ জুটির ২৩৩ রানের রেকর্ড এশিয়া সেরা: পাকিস্তানের বিরুদ্ধে ২৩৩ রানের ম্যাচ জেতানো জুটি খেলছেন বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এশিয়া কাপের একদিনের ফরম্যাটে এত রানের জুটি এই প্রথম। তাঁরা ভাঙলেন পাকিস্তানের মহম্মদ হাফিজ ও নাসিম জামশেদের রেকর্ড। ১১ বছর আগে এই জুটি ২২৩ রানের ইনিংস খেলেছিল ভারতের বিপক্ষে।

৬) পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ রানের জুটি: পাকিস্তানের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের জুটি গড়লেন বিরাট ও রাহুল। ১৯৯৬ সালে সারজাতে পাকিস্তানের বিপক্ষে ২৩১ রানের জুটি গড়েছিলেন সচিন তেন্ডুলকর ও নভজ্যোত সিং সিধু। ২৬ বছর পর প্রেমদাসায় সেই রেকর্ড ভেঙে গেল।

৭) এশিয়া কাপের সর্বোচ্চ শতরানের দৌড়ে বিরাট: এশিয়া কাপের একদিনের ফরম্যাটে সর্বোচ্চ শতরানের মালিক শ্রীলঙ্কার সনৎ জয়সুর্য। তিনি করেছেন ৬ টি শতরান। পাকিস্তানের বিপক্ষে শতরানটি ছিল এশিয়া কাপে তাঁর চতুর্থ শতরান। এখনও সুপার ফোরে দুটি ও ফাইনালে উঠতে পারলে একটি ম্যাচ পাবেন বিরাট। শ্রীলঙ্কার কিংবদন্তিকে ছোঁয়ার সুযোগ রয়েছে তাঁর কাছে।

৮) মিডল অর্ডারে জোড়া সেঞ্চুরি: ফার্স্ট ডাউন ও সেকেন্ড ডাউন ব্যাটিং লাইনআপের ভরসাস্থল। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে দুজনেই সেঞ্চুরি করেছে। এই ঘটনা খুব বিরল। এরআগে মাত্র তিনবার এরকম ঘটনা ঘটেছে। ১৯৯৯ সালে বিশ্বকাপে কেনিয়ার বিরুদ্ধে সচিন ও দ্রাবিড় দুজনে শতরান করেছিলেন। ২০০৯ সালে করেছিলেন গৌতম গম্ভীর ও বিরাট কোহলি। তালিকার তিন নম্বর স্থানটি অবশ্যই বিরাট ও রাহুলের নামে লেখা থাকল।

আরও পড়ুন       সংসদের বিশেষ অধিবেশন বদলে যেতে চলেছে সংসদ কর্মীদের ইউনিফর্ম

৯) বড় রানের জয়: পাকিস্তানের বিপক্ষে ২২৮ রানে জয় পেয়েছে ভারত। একদিনের ফরম্যাটে পাকিস্তানের বিরুদ্ধে এত রানের ব্যবধানে আগে জেতেনি দল। ২০২৩ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১৭ রান, ২০০৭ সালে বারমুডার বিরুদ্ধে ২৫৭ রানের জয়, ২০০৮ সালে হংকংয়ের বিরুদ্ধে ২৫৬ রানের জয়ের পর এটিই ভারতীয় ক্রিকেটের ইতিহাসে একদিনের ম্যাচে সব থেকে বেশি ব্যবধানে জয়।

About Post Author