Home » জম্বু তাওয়াই এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি, চলন্ত ট্রেনে চলল গুলি! আহত একাধিক

জম্বু তাওয়াই এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি, চলন্ত ট্রেনে চলল গুলি! আহত একাধিক

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: সম্বলপুর – জম্মু তাওয়াই এক্সপ্রেসে ভয়াবহ ডাকাতি। ঘটনাটি ঘটেছে ডালটনগঞ্জ ও লাতেহার স্টেশনের মধ্যবর্তী অঞ্চলে। যাত্রীদের ব্যাপক মারধর করে ৪৫ মিনিট ধরে লুটপাট চালায় ডাকাত দল। লাতেহার স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার পরেই বারওয়াডিহি স্টেশন আসার অনেক আগেই ১৫ জনের ডাকাত দল এস ৯ কামরার দরজা বন্ধ করে লুটপাট শুরু করে। কিছু যাত্রী বাধা দিতে গেলে যাত্রীদের ব্যাপক মারধর করা হয়। সেই সময় চলন্ত ট্রেনে প্রায় ১০ রাউন্ড গুলি ছোড়ে দুষ্কৃতীরা।

আরও পড়ুন          গোলের ধারা অব্যাহত হাল্যান্ডের, প্রিমিয়ার লিগে জয় ম্যাঞ্চেস্টার সিটি, ইউনাইটেডের

জানা গিয়েছে, যাত্রীদের কাছ থেকে সোনার গয়না সহ নগদ কয়েক লক্ষ টাকা কেড়ে নেয় দুষ্কৃতীরা। নিয়ে নেওয়া হয় যাত্রীদের ফোনও। বন্দুক দিয়ে এক মহিলা যাত্রীর মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে। বারওয়াডিহি স্টেশনের কাছে ট্রেন থামার সঙ্গে সঙ্গেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনায় বেশ কয়েক জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।খবর পেয়েই তৎক্ষণাৎ ঘটনাস্থলে আসেন আরপিএফ ও সিআরপিএফের বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন        ‘বিদেশ সফর কেমন হল’, মুখ্যমন্ত্রীকে ফের চিঠি পাঠালেন রাজ্যপাল সিভি আনন্দ বোস

ঘটনাস্থল থেকে কয়েকটি বুলেটের খোল পাওয়া গিয়েছে। ডালটনগঞ্জ স্টেশনে ট্রেন থামার পর আতঙ্কিত যাত্রীরা বিক্ষোভ দেখাতে থাকেন রেলের উচ্চপদস্থ আধিকারিকদের সামনে। ট্রেনের কামরায় দুর্ধর্ষ ডাকাতির কারণে কয়েক ঘন্টা রেল পরিষেবা ব্যাহত হয়। প্রায় ২ ঘণ্টার পর ডালটনগঞ্জ থেকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা দেয়। ডাকাত দলের সন্ধানে ইতিমধ্যেই তদন্তে নেমে পড়েছে রেল পুলিশ। আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসাও করানো হয়েছে। অন্যদিকে, এই ঘটনার পরই রেল যাত্রীদের সুরক্ষা নিয়ে ফের একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

About Post Author