স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৪ সেপ্টেম্বর: প্রিমিয়ার লিগে বড় জয় পেল ম্যাঞ্চেস্টার সিটি ও ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ঘরের মাঠে সিটি ২-০ গোলে হারাল নটিংহ্যাম ফরেস্টকে। সিটির হয়ে গোল দুটি করেন ফিল ফডেন ও আর্লিং হাল্যান্ড। অপরদিকে অ্যাওয়ে ম্যাচে ব্রুনোর করা একমাত্র গোলে জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। শনিবার প্রিমিয়ার লিগের ষষ্ঠ ম্যাচে মাঠে নামে পেপ গুয়ার্দিওলার ছেলেরা। প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্ট।এটিহাদে আধিপত্য নিয়েই জয় পেয়েছে আকাশী ব্রিগেড। খেলার ফল ২-০। প্রথমার্ধের ৭ মিনিটে সিটিকে এগিয়ে দেন ফিল ফডেন। সিটি কোচ পেপ গুয়ার্দিওলার ফুটবল দর্শন টিকিটাকার চূড়ান্ত নিদর্শন এই গোল। নিজেদের মধ্যে টানা ৪৬ টি পাস খেলে এই গোলটি পায় সিটি। প্রিমিয়ার লিগের ইতিহাসে যা দ্বিতীয় সর্বোচ্চ।

খেলার ১৪ মিনিটে ফের গোল পায় সিটি। এবার গোলদাতা আর্লিং হাল্যান্ড। প্রিমিয়ার লিগ হোক বা চ্যাম্পিয়ন্স লিগ প্রত্যেক ম্যাচে নিজেকে উজাড় করে দিচ্ছেন নরওয়ের এই তরুণ স্ট্রাইকার। ম্যাথু নুনেজের পাস থেকে গোলটি করেন হাল্যান্ড। দ্বিতীয়ার্ধের শুরুতে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সিটি মিডফিল্ডার রড্রি। দশজনের সিটিকে পেয়ে আক্রমণে চাপ বাড়ায় নটিংহ্যাম। তবে ফাইনাল থার্ড পর্যন্ত তাঁদের আক্রমণ সীমিত থাকায় বিপদ হয়নি সিটির। টানা ষষ্ঠ ম্যাচ জিতে প্রিমিয়ার লিগ তালিকার শীর্ষ স্থান ধরে রাখল পেপ ব্রিগেড।

আরও পড়ুন: পাওলো রোসি : ম্যাচ ফিক্সিং-এর অভিযোগ থেকে ব্যালন ডি’অর, ৬৪ বছরের অসামান্য সফর
প্রিমিয়ার লিগের অপর একটি খেলায় কষ্টার্জিত জয় পেয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। টার্ফ মুড় স্টেডিয়ামে ইউনাইটেড মুখোমুখি হয় বার্নলির। ঘরের মাঠে এদিন ইউনাইটেডের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলে লিগ তালিকার তলানিতে থাকা বার্নলি। ইউনাইটেড তিন কাঠির তলায় এদিন দুর্ভেদ্য ছিলেন আন্দ্রে ওনানা। কয়েকটি নিশ্চিত গোলের হাত থেকে দলকে বাঁচান ইউনাইটেড গোলরক্ষক। খেলার গতির বিপরীতে গিয়ে একটি গোল পায় ইউনাইটেড। কর্নার থেকে হেড করে দলকে এগিয়ে দেন জনি ইভান্স। কিন্তু VAR দেখে গোলের সিধান্ত বাতিল করেন রেফারি। প্রথমার্ধের শেষের দিকে প্রথম গোলের দেখা পায় ইউনাইটেড।ইভান্সের বুদ্ধিদীপ্ত পাস থেকে গোল করেন অধিনায়ক ব্রুনো।
United take home all three points! ????#MUFC || #BURMUN
— Manchester United (@ManUtd) September 23, 2023
দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করেও সফল হয়নি বার্নলি। ইউনাইটেডও কয়েকটি সহজ সুযোগ পেয়েছিল, কিন্তু কাজে লাগাতে পারেনি। ১-০ গোলে জিতে অ্যাওয়ে ম্যাচে জিতে কিছুটা স্বস্তি নিয়ে শনিবার মাঠ ছাড়লেন ব্রুনোরা। রেড ডেভিলদের হয়ে এই ম্যাচে অভিষেক হয় মরক্কোর মিডফিল্ডার সোফি আমরাবাতের। ৬ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ তালিকার অষ্টম স্থানে উঠে এল এরিক টেন হ্যাগের দল।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক