Home » প্রবল বর্ষণে বিপর্যস্ত নাগপুর, মৃতের সংখ্যা বেড়ে ৪

প্রবল বর্ষণে বিপর্যস্ত নাগপুর, মৃতের সংখ্যা বেড়ে ৪

সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: বর্ষার তাণ্ডবলীলায় বিপর্যস্ত মহারাষ্ট্রের নাগপুর। বিপর্যয় যেন কিছুতেই পিছু ছাড়ছে না নাগপুরের। মেঘভাঙা বৃষ্টির জেরে ফের বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার দিনভর লাগাতার বৃষ্টির কারণে নীচু জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। দশ হাজারেরও বেশি বাড়ি জলের নীচে চলে গিয়েছে। প্রবল বর্ষণে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আপাতত ভারী বর্ষণ চলবে। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত। ইতিমধ্যে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। মানুষজনকে প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

শনিবার মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতেই ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কার্যত বানভাসি অবস্থা মহারাষ্ট্রের নাগপুরের। রবিবার দিনভর ভারী বৃষ্টিপাত জারি থাকবে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ১৪২ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস জেলা ও পুলিশ প্রশাসনকে যথাযথ সাহায্য করা নির্দেশ দিয়েছেন। প্রকৃতির রোষে কার্যত অসহায় গোটা রাজ্য। শহরের রাজপথ পরিণত হয়েছে নদীতে। এখনও পর্যন্ত ঘরছাড়া হয়েছেন শতাধিক মানুষ।

আরও পড়ুন          গোলের ধারা অব্যাহত হাল্যান্ডের, প্রিমিয়ার লিগে জয় ম্যাঞ্চেস্টার সিটি, ইউনাইটেডের

স্থানীয় প্রশাসন থেকে শুরু করে রাজ্য ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজে নেমেছে। পাশাপাশি উদ্ধারকাজে হাত লাগিয়েছে সেনাবাহিনীও। রাস্তাঘাটে গাড়ির বদলে চলছে নৌকা। বন্যার কারণে নাগপুরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে। আম্বাজরি লেক জলমগ্ন হওয়ায় চারচাকা গাড়ি, বাস জলের তলায়। বাড়ির ভিতরেও জল ঢুকে গেছে। কারও কারও বাড়িতে কোমর-জলে ভাসছে খাট বিছানা আসবাবপত্র। এদিকে, নাগপুর স্টেশনও জল জমেছে। বিভিন্ন জায়গায় অর্ধেকেরও বেশি বাস জলের তলায় চলে গেছে। আম্বাজরি লেকের পার্শ্ববর্তী এলাকার একাধিক বাড়িঘর ভেসে গিয়েছে। বাড়িঘর, দোকানপাট ভেসে গেছে। ধস নেমে রাস্তা বন্ধ। জলমগ্ন বাসিন্দাদের উদ্ধার করতে হিমশিম খেতে হচ্ছে।

About Post Author