স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ সেপ্টেম্বর: এলসের বদলি পেয়ে গেল ইস্টবেঙ্গল। জর্ডনের তারকা ডিফেন্ডার হিজাজি মাহেরকে দলে নিল লাল-হলুদ। আইএসএলের বাকি মরশুমের জন্য তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ হল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করা হয়েছে।

চলতি মরশুমে অস্ট্রেলিয়ার জর্ডন এলসেকে সই করিয়েছিল ইস্টবেঙ্গল। ময়দানের শতাব্দী প্রাচীন দলের সঙ্গে মানিয়েও নিয়েছিলেন এলসে। ডুরান্ড কাপে ইস্টবেঙ্গলের সাফল্যের পিছনে ছিল অজি ডিফেন্ডারের অবদান। তবে ফাইনালে তাল কাটে। মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচের মাঝপথে চোট পেয়ে মাঠ ছাড়েন এলসে। তারপর আর মাঠে নামতে পারেননি। চোট এতটাই গুরুতর ছিল যে সম্প্রতি অস্ত্রোপচার হয়েছে তাঁর। তবে অস্ত্রোপচার হলেও এখনই মাঠে ফিরতে পারছেন না এলসে। বাকি মরশুমে এলসের বদলির খোঁজ শুরু হয়। এবার সেই অপেক্ষার অবসান হল। বাকি মরশুমের জন্য ইস্টবেঙ্গলে যোগ দিলেন জর্ডনের তারকা ডিফেন্ডার হিজাজি মাহের।

আরও পড়ুন: নয়জনের বেঙ্গালুরুর বিরুদ্ধে কষ্টার্জিত জয় মোহনবাগানের
জর্ডনের জাতীয় দলের নিয়মিত ফুটবলার মাহের। প্রায় ৬ ফুট ২ ইঞ্চির দীর্ঘকায় এই ডিফেন্ডারকে খেলতে দেখা যাবে লাল হলুদে। মধ্য প্রাচ্যের একাধিক বড় ক্লাবে খেলার নজির রয়েছে তাঁর। জর্ডন প্রিমিয়ার লিগের ক্লাব আল হুসেন এসসিতে খেলেন মাহের। লোনে ইরাক প্রিমিয়ার লিগের ক্লাব জাখো এসসি-তেও খেলেছেন। গত মরশুমে ২৯টি ম্যাচ খেলে ৫টি গোল করেন মাহের। ২৬ বছরের এই ডিফেন্ডার জিতেছেন জর্ডান এফএ কাপ এবং জর্ডান সুপার কাপ।
ইস্টবেঙ্গলে যোগ দিয়ে উচ্ছসিত দীর্ঘদেহী এই ডিফেন্ডার। মাহের বলেছেন, “ ইস্টবেঙ্গল ঐতিহাসিক ক্লাব। আমি গর্বিত এই ক্লাবে যোগ দিয়ে ও আইএসএলে খেলার সুযোগ পেয়ে। আমাকে সুযোগ করে দেওয়ার জন্যে কোচ এবং ক্লাবকে ধন্যবাদ। সবাই জানে ইস্টবেঙ্গল ক্লাবের জনপ্রিয়তা। বিশ্বব্যপী আইএসএলও পরিচিতি পেয়েছে। আমি কলকাতা ডার্বিতে খেলার জন্যে মুখিয়ে রয়েছি।” আগামী দিনে কি ইস্টবেঙ্গল রক্ষণে ভরসা দিতে পারবেন জর্ডনের এই ডিফেন্ডার? উত্তর মিলবে ইন্ডিয়ান সুপার লিগে পরের ম্যাচগুলিতে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার