Home » বেঙ্গালুরুতে আতসবাজির দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১২

বেঙ্গালুরুতে আতসবাজির দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে মৃত ১২

সময় কলকাতা ডেস্ক, ৮ অক্টোবরঃ কর্ণাটকের বেঙ্গালুরুতে আতসবাজির দোকানে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শনিবার বিকেলে ভয়াবহ আগুন লাগে কর্নাটক-তামিলনাড়ু সীমান্তের কাছে বেঙ্গালুরু জেলার আত্তিবেল এলাকার একটি আতসবাজির দোকানে। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। মুহূর্তের মধ্যে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। ঘিঞ্জি এলাকা হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। শেষ পাওয়া খবর অনুযায়ী ঘটনাস্থলে আসে দমকলের ৫টি ইঞ্জিন। প্রচুর ক্ষয়ক্ষতির পাশাপাশি এখনও পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর আহত বেশ কয়েকজন। আপাতত আগুন নিয়ন্ত্রণে।

পুলিশ সূত্রে জানা দিয়েছে, ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে এবং ৮ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত ৫ জন তামিলনাড়ুর শ্রমিক ছিলেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কর্নাটক-তামিলনাড়ু সীমান্ত এলাকায় অবস্থিত আতসবাজির দোকানটিতে তামিলনাড়ুরও বহু শ্রমিক কাজ করতেন। শনিবার বিকাল সাড়ে ৪টে নাগাদ ট্রাকে করে দোকানে আতসবাজি আসে। সেই বাক্সগুলি নামানোর সময়ই ঘটে যায় বিপত্তি। আতসবাজির বাক্স নামাতেই কোনওভাবে বাজির একটি বাক্সে আগুন ধরে যায়।

আরও পড়ুন   পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদ-মদনের বাড়িতে হানা দিল সিবিআই

মুহূর্তের মধ্যে সেই আগুনের লেলিহান শিখা আশপাশের বাক্সগুলিতে ছড়িয়ে পড়ে এবং তা বিধ্বংসী রূপ নেয়। আগুন লাগতেই শ্রমিকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। দোকানের সামনে দাঁড়িয়ে থাকা গাড়িগুলিও কালো ধোঁয়ায় ঢাকা পড়ে যায়। এই ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় গোটা চত্বরজুড়ে। তড়িঘড়ি খবর পৌঁছয় দমকলে। খবর পাওয়া মাত্রই দমকলের ৫টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু করে দমকল কর্মীরা। প্রায় তিনঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনার যে দৃশ্য প্রকাশ্যে এসেছে, তা দেখেই বোঝা যাচ্ছে, এদিন আগুনের ভয়াবহতা ঠিক কতটা ছিল।

About Post Author