Home » আইসিসির কোপের মুখে ‘ভারতের ৬৯ নম্বর জার্সির ক্রিকেটার’

আইসিসির কোপের মুখে ‘ভারতের ৬৯ নম্বর জার্সির ক্রিকেটার’

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৯ অক্টোবর: প্রশ্নের মুখে ক্রিকেটারদের নিরাপত্তা। চলতি বিশ্বকাপে নির্বাসনের (Ban) মুখে এক ব্যক্তি। এমনটাই স্পষ্ট জানিয়ে দেওয়া হল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (International Cricket Council) বা আইসিসির (ICC) তরফে। নিয়ম ভেঙে মাঠের মধ্যে ঢুকে আইসিসির নির্বাসনের মুখে পড়লেন ইংল্যান্ডের ইউটিউবার জার্ভিস।

আইসিসির পক্ষ থেকে জানান হয়েছে, ” ঘটনায় জড়িত ব্যক্তিকে বিশ্বকাপের বাকি সব ম্যাচে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষর নজরদারিতে থাকবে। ” বিবৃতিতে আরও জানানো হয়েছে, “বিশ্বকাপের সঙ্গে জড়িত সকলের নিরাপত্তাই আইসিসির অগ্রাধিকার। ঠিক কী ভাবে ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হবে। এবিষয়ে স্থানীয় আয়োজকদের সাহায্য নেওয়া হবে। পাশাপাশি ভবিষ্যতে এরকম অনভিপ্রেত ঘটনা রোখার জন্য বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করার প্রয়োজন রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হবে।”

আরও পড়ুনম্যাচ জেতানো ইনিংস খেলেও চূড়ান্ত হতাশ ভারতের দুই নায়ক, কি হল কোহলি-রাহুলের?

যদিও ক্রিকেট মাঠের আঁটোসাঁটো নিরাপত্তা বলয় ভেদ করে এই ইংরেজ ইউটিউবার কিভাবে ক্রিকেটারদের বলয়ের মধ্যে ঢুকে পড়লেন তা নিয়েও উঠছে প্রশ্ন। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন বিরাট কোহলির কাছে। ম্যাচ শুরুর আগে এই ঘটনায় বেশ বিরক্ত হন কিং কোহলি। যদিও ওই ব্যক্তিকে মাঠ থেকে বার করে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। ঘটনাটি ভালো চোখে নেয়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

প্রসঙ্গত, রবিবার চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করে ভারত। ম্যাচ শুরু হওয়ার আগে মাঠে ঢুকে পড়েছিলেন এক ব্যক্তি। যাঁর পরনে ছিল ভারতের ৬৯ নম্বরের জার্সি। জার্সির পিছনে লেখা ছিল জার্ভো। জানা গিয়েছে এই ব্যক্তি ইংল্যান্ডের বাসিন্দা। তিনি পেশায় ইউটিউবার। ইউটিউবের কনটেন্ট বানানোর উদ্দ্যেশ্যে মাঝে মধ্যেই এরকম নিয়ম বহির্ভূত কাজ করেন তিনি। গত বছর ভারত ইংল্যান্ড সিরিজের সময়ও মাঠে ঢুকে পড়েছিলেন। তবে বিশ্বকাপের মত বড় আসর হওয়ায় এবার নড়েচড়ে বসেছে আইসিস।

About Post Author