Home » রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যালের দিন মেট্রোর বিশেষ পরিষেবা

রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যালের দিন মেট্রোর বিশেষ পরিষেবা

সময় কলকাতা ডেস্ক, ২৪ অক্টোবরঃ উৎসবের মরশুমে শহরজুড়ে চলেছে কড়া নজরদারি। পুজোর দিনগুলোতে নিরাপত্তায় কোনও খামতি রাখেনি নবান্ন। পুজোর সময় প্যান্ডেল হপিং-এ বেরিয়ে দর্শনার্থীদের যাতে কোনোরকম অসুবিধায় পড়তে না হয়, তার জন্য পঞ্চমী থেকেই মিলেছে মেট্রোর বিশেষ পরিষেবা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি বছরের মতো এবারেও উত্তর-দক্ষিণ করিডোরের বাড়তি মেট্রো পরিষেবা দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। পুজো শেষে এবার বাতাসে বিষাদের সুর। আজ উমার বিদায়বেলা। যদিও আগামী ২৭ অক্টোবর রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে। বর্ণাঢ্য এই শোভাযাত্রায় শহরের বড়ো বড়ো পুজো কমিটি গুলি অংশগ্রহণ করবে। আর দুর্গাপুজো কার্নিভ্যালের শেষে প্রতিমা নিরঞ্জন করা হবে।

দুর্গাপুজোর কানিভ্যালের দিন রেড রোডে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পাশাপাশি শহরতলির প্রচুর মানুষ বর্ণাঢ্য কার্নিভ্যাল দেখতে রেড রোডে উপস্থিত হবেন। এবার রেড রোডে দুর্গাপুজো কার্নিভ্যালের দিনও যাত্রীদের বিশেষ পরিষেবা দেবে কলকাতা মেট্রো। দর্শনার্থীদের বাড়ি ফিরতে যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশে মেট্রোর বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে, ২৭ অক্টোবর অর্থাৎ শুক্রবার ২৩৪টি মেট্রোর পরিবর্তে ২৫২ মেট্রো চলবে। শেষ মেট্রো ছাড়ার সময়সীমাও বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, কার্নিভ্যালের দিন দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে।

আরও পড়ুন    উমার বিদায়বেলায় প্রিয়জনকে মিষ্টিমুখ করাতে বাড়িতেই বানিয়ে ফেলুন সুজির গোলাপ জাম

অন্যদিকে, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী মেট্রো রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত পাওয়া যাবে। দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো রাত ১১টা ১০ মিনিটে ছাড়বে। কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে। একইসঙ্গে ২৭ অক্টোবর অর্থাৎ কার্নিভ্যালের দিন কলকাতায় মোট ১৩টি স্পেশাল বাস চালাবে রাজ্য পরিবহণ দফতর। আর ওই বিশেষ বাসগুলির গতিবিধি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে কলকাতা পুলিশ। জানা গিয়েছে, এসপ্ল্যানেড-গড়িয়া, এসপ্ল্যানেড-ডানলপ, এসপ্ল্যানেড-নিউ টাউন, হাওড়া-গড়িয়াসহ একাধিক রুটে বাস চলবে। উল্লেখ্য, রেড রোডে পুজো কার্নিভ্যাল উপলক্ষে জোর কদমে চলছে প্রস্তুতি জোর কদমে চলছে কাজ। অসংখ্য সাধারণ মানুষের পাশাপাশি দেশ-বিদেশের অতিথিরাও উপস্থিত থাকবে। শহরজুড়ে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটসাঁট করছে কলকাতা পুলিশ। শহরের কোথাও যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা নিয়ে রাখছে কলকাতা পুলিশ

About Post Author