সময় কলকাতা ডেস্ক, ২ নভেম্বর: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বৃহস্পতিবার জেরার জন্য তলব করেছে ইডি। এদিন সকাল ১১টায় ইডির দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরিওয়ালের। কিন্তু এদিনও হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল। ইতিমধ্যেই ইডিকে চিঠি লিখে সমন ফেরাতে বলেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ইডিকে পাঠানো চিঠিতে অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘ ইডির এই নোটিস রাজনৈতিক বেআইনি ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। অবিলম্বে যেন এই নোটিস ফিরিয়ে নেওয়া হয়।’ জানা গিয়েছে, মধ্য প্রদেশের সিঙ্গাউলিতে পথসভা রয়েছে তাঁর। এদিনের পথসভায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও থাকবেন তাঁর সঙ্গে। আবগারি দুর্নীতি মামলায় এর আগে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া এবং আপের রাজ্যসভার সাংসদ সঞ্জয় সিং-কে গ্রেফতার করেছে ইডি।

আপ সাংসদ সঞ্জয় সিং-কে জেরা করে ইতিমধ্যেই নতুন কিছু তথ্য পেয়েছে ইডি। গত ৪ অক্টোবর এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার বাসভবনে তল্লাশির পর তাঁকে গ্রেফতার করেছিল। দিল্লির মুখ্যমন্ত্রীকে এই নতুন তথ্যগুলির ভিত্তিতে প্রশ্ন করা হবে। বেশ কিছু বিষয়ের স্পষ্টতা চাওয়া হবে। এর আগে গত ১৬ এপ্রিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে এই মামলায় নয় ঘণ্টারও বেশি সময় ধরে জেরা করেছিল সিবিআই। এবার ইডির তলবের মুখে দিল্লির মুখ্যমন্ত্রী। এদিকে, দিল্লি আবগারি দুর্নীতি মামলায় সোমবারই উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় শীর্ষ আদালত। আগামী ছয় থেকে আট মাসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেইসঙ্গে এদিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় যে, আপ নেতার বিউদ্ধে আনা সমস্ত অভিযোগ প্রমাণ করা হয়েছে।
আরও পড়ুন গ্রাহকদের জন্য ধামাকাদার রিচার্জ প্ল্যান নিয়ে এল জিও
দিল্লি আবগারি দুর্নীতি মামলায় কিছুদিন আগেই জামিনের আবেদন করেছিলেন দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী। এরপরই গত ১৭ অক্টোবর জামিন মামলার শুনানি শেষ হলেও বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি এসভিএন ভাট্টির বেঞ্চ রায়দান স্থগিত রেখেছিল। সোমবার সেই আবেদনই খারিজ করে দিল ডিভিশন বেঞ্চ। এর আগে গত ৩০ মে দিল্লি আবগারি দুর্নীতি মামলায় মণীশ সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লি হাইকোর্ট। এরপর, গত ৩ জুলাই ফের জামিনের আবেদন করে দিল্লি হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন মণীশ সিসোদিয়া। সেই সময়ও তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়। আবগারি দুর্নীতি সিসোদিয়ার বিরুদ্ধে আনা অভিযোগ গুরুত্বপূর্ণ বলে পর্যবেক্ষণে জানিয়েছিল হাইকোর্ট। উল্লেখ্য,গত বছরই দিল্লির আবগারি নীতি নিয়ে বিতর্কের দানা বেঁধেছিল। এরপরই দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার নির্দেশেই দিল্লির আবগারি নীতি নিয়ে তদন্ত শুরু করে ইডি ও সিবিআই।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭