সময় কলকাতা ডেস্ক, ৮ নভেম্বর: দীপাবলির আগে রাজ্যের জন্য সুখবর। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী আদায় হওয়া কেন্দ্রীয় করের ৪১ শতাংশ রাজ্যের প্রাপ্য। সেই শর্তেই কেন্দ্র পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করল ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। রাজ্যের একাধিক প্রকল্পে বকেয়া টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকার ও তৃণমূলের। কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ভুরিভুরি অভিযোগের মধ্যেও বাংলার জন্য বিপুল টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার। বুধবার প্রশাসনিক সূত্রে এই খবর সামনে আসার পর থেকেই শুরু হয়েছে চর্চা।
আরও পড়ুন ম্যাক্সি মুগ্ধতা, ওয়াংখেড়েতে যে যে কীর্তি গড়লেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার
জানা গিয়েছে, মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যগুলিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। দেশের সবকটি রাজ্যের জন্য মোট ৭২ হাজার ৯৬১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তার মধ্যে বাংলা কেন্দ্রীয় করের অংশ হিসাবে পেয়েছে ৫ হাজার ৪৮৮ কোটি টাকা। উত্তরপ্রদেশ ১৩ হাজার ৮৮ কোটি টাকা। যা রাজ্যগুলির প্রাপ্য অর্থের নিরিখে সর্বোচ্চ। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় কর বাবদ যে মোট আদায় হয় তার ৪১ শতাংশ অর্থ রাজ্যের পাওনা। আবার কোন রাজ্য কত টাকা পাবে তা নির্ভর করে সেই রাজ্যের আয়তন ও জনসংখ্যার উপর। উত্তরপ্রদেশের আয়তন ও জনসংখ্যা পশ্চিমবঙ্গের তুলনায় বেশি। রাজ্যের বর্তমান আর্থিক পরিস্থিতির নিরিখে কোনও টাকাই ছোট নয়। এক বারে সাড়ে ৫ হাজার কোটি টাকা পাওয়ায় রাজ্যের সুবিধাই হবে বলে মনে করা হচ্ছে। এই অর্থ ব্যয়ের উপর কেন্দ্রের কোনও খবরদারি নেই। অর্থাৎ কোনও শর্ত নেই। রাজ্য সরকার নিজের প্রয়োজন মতো, এমনকী মূলধন খাতেও এই অর্থ খরচ করতে পারে।
আরও পড়ুন পর্যটন ব্যবসার আড়ালে মানব পাচারের অভিযোগে বারাসাতে এনআইএ-র হানা, গ্রেফতার ১
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে লাগাতার সুর চড়িয়ে যাচ্ছে রাজ্যের শাসক দল। কিছুদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রতিবাদের সুর চড়িয়েছিলেন। প্রতিবাদ, ধরনা-অবস্থান চলেছে কলকাতায় রাজভবনের বাইরেও। এসবের মাঝেই আগামী ২৩ নভেম্বর নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বৈঠক রয়েছে। সেখানে দলের সব বিধায়ক-সাংসদ থেকে শুরু করে পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদেরও থাকার কথা রয়েছে। একশো দিনের কাজের টাকা ও আবাস সংক্রান্ত বকেয়ার ইস্যুতে আন্দোলনের পরবর্তী রূপরেখা সেখান থেকেই তৈরি হওয়ার কথা। আর এরই মধ্যে নভেম্বর মাসের ট্যাক্স ডিভ্যালুয়েশনের বরাদ্দ ঘোষণা করল কেন্দ্র।


More Stories
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের