স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ নভেম্বর: বিশ্বকাপ ফাইনালে (ICC World Cup Final 2023) ভারতের (India Cricket Team) তুরুপের তাস হতে পারেন এক ক্রিকেটার। তবে তিনি বিরাট (Virat Kohli), রোহিত (Rohit Sharma) বা শামি (Mohammed Shami) নন! এমনটাই মনে করছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর (Gautam Gambhir)। কে সেই ক্রিকেটার? তিনি ভারতীয় দলের মিডল অর্ডারের অন্যতম প্রাণ ভোমরা শ্রেয়স আইয়ার (Shreyas Aiyer)।

আসন্ন বিশ্বকাপ ফাইনালে গম্ভীরের তুরুপের তাস শ্রেয়স আইয়ার।গম্ভীর বলেছেন, “আমার মনে হয় এই বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় গেম চেঞ্জার হলেন শ্রেয়স আইয়ার। তিনি চোটের জন্য বেশ কিছুদিন খেলতে পারেননি। দলে নিজের জায়গা তৈরি করতে লড়াই করতে হয়েছে। তারপর প্রতিযোগিতার সেমিফাইনালে ৭০ বলে সেঞ্চুরি করাটা অসামান্য কৃতিত্ব। তিনি ভারতের জন্য গুরুত্বপূর্ণ হবেন। বিশেষ করে ফাইনালে যখন গ্লেন ম্যাক্সওয়েল এবং অ্যাডাম জ্যাম্পা বোলিং করবেন।”

চলতি বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি শ্রেয়সের। তবে প্রতিযোগিতা যত গড়িয়েছে তত ফর্মে ফিরেছেন মুম্বইয়ের এই ব্যাটার। শেষ চার ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ৮২, ৭৭, অপরাজিত ১২৮ এবং ১০৫ রান। চলতি বিশ্বকাপে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন শ্রেয়স। ভারতের চতুর্থ ব্যাটার হিসেবে বিশ্বকাপের একটি সংস্করণে ৫০০-র বেশি রান করে নজির গড়েছেন। এখনও পর্যন্ত শ্রেয়সের সংগ্রহ ৫২৬ রান। গড় ৭৫.১৪। ২ টি শতরান ও ৩ টি অর্ধশত রান করে ফেলেছেন। এক ম্যাচে সর্বোচ্চ রান অপরাজিত ১২৮। মিডল অর্ডারে দ্রুত গতিতে রান তুলছেন নাইট রাইডার্স অধিনায়ক। স্ট্রাইক রেট ১১৩। পেসারদের পাশাপাশি স্পিনারদের উপর দাপট দেখিয়েছেন প্রতি ম্যাচে। এই বিশ্বকাপে সব থেকে বড় ছয় মারার তালিকায় ২ নম্বরে রয়েছেন তিনি। এখনও পর্যন্ত একাধিক রেকর্ড ভেঙেছেন শ্রেয়স। তবে চোটের কারণে প্রায় ৬ মাস মাঠের বাইরে ছিলেন। গত আইপিএলেও খেলতে দেখা যায়নি। তাঁর অবর্তমানে কলকাতা নাইট রাইডার্সের দায়িত্ব সামলিয়েছেন নীতিশ রানা। এশিয়া কাপে চোট সারিয়ে প্রত্যাবর্তন করেন। বিশ্বকাপে এখনও পর্যন্ত স্বপ্নের ফর্মে রয়েছেন। ফাইনালের আগে তাঁকেই দলের মূল অস্ত্র হিসেবে বেছে নিলেন ২০১১ বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য গৌতম গম্ভীর। প্রাক্তন নাইট রাইডার্স অধিনায়কের ভরসার দাম ফাইনালে কি রাখতে পারবেন নাইটদের বর্তমান অধিনায়ক? উত্তর মিলবে রবিবার।


More Stories
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব
সিরিজ জিতল পাকিস্তান