Home » মেয়ের বিয়ে দিতে দিনে দুপুরে ‘শিক্ষক জামাই’-কে অপহরণ করল শ্বশুর

মেয়ের বিয়ে দিতে দিনে দুপুরে ‘শিক্ষক জামাই’-কে অপহরণ করল শ্বশুর

সময় কলকাতা ডেস্ক, ১ ডিসেম্বর:  উত্তম কুমার অভিনীত ‘ধন্নি মেয়ে’ চলচ্চিত্রটি দেখেছেন? পিতার নামাঙ্কিত ফুটবল শিল্ড গ্রামে রাখতে কলকাতার সর্বমঙ্গলা ফুটবল দলকে অপহরণ করেছিলেন হাড়ভাঙা গ্রামের জমিদার গোবর্ধন চৌধুরী। শুধু তাই নয় সর্বমঙ্গলার অধিনায়ক তথা চলচ্চিত্রটির নায়ক বগলার সঙ্গে নিজের ভাগ্নীর বিবাহও দিয়েছিলেন। সেই বিয়েটি হয়েছিল বন্দুকের নল মাথায় ঠেকিয়ে। মেয়ের বিয়ে দিতে অনেকটা একই কায়দার অবলম্বন করল মেয়ের বাবা। ঘটনাটি ঘটেছে বিহারের বৈশালী জেলায়।  জানা গিয়েছে দিনে দুপুরে এক যুবককে অপহরণ করে ৪-৫ জন ব্যক্তি। অভিযোগ ২৪ ঘণ্টা বাদে তাঁর মাথায় বন্দুক ঠেকিয়ে জোর করে অপহরণকারীর মেয়ের সঙ্গে বিয়ে করতে বাধ্য করা হয়।

জানা গিয়েছে, অপহৃত যুবকের নাম গৌতম কুমার। ওই ব্যক্তি পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সম্প্রতি স্কুল শিক্ষকের পদে যোগদান করেন। স্কুল চলাকালীন ৪-৫ জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি হাজির হয় যুবকের কাছে। কথা বলার আছিলায় তাকে স্কুলের বাইরে বার করে আনা হয়। তারপর সেখান থেকে তাকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। অপহরণের ২৪ ঘন্টা পর তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাঁর মেয়েকে বিয়ে করতে বাধ্য করে অপহরণকারী। অন্যদিকে দিনে দুপুরে স্কুল থেকে উধাও হয়ে যাওয়ায় খোঁজ শুরু হয় নবাগত শিক্ষকের। স্থানীয় পুলিশের দ্বারস্থ হয় তার পরিবারের সদস্যরা। এমনকি  রাতে রাস্তা আটকে বিক্ষোভ দেখায় তারা। অভিযোগের ভিত্তিতে তল্লাশিও শুরু করে পুলিশ।

আরও পড়ুন: অনারকিলিং : মেয়ের গায়ে অন্য ছেলের হাত, “সম্মানরক্ষার্থে খুন ” ( #honourkilling ) করলেন বাবা

অপহৃত ওই যুবকের পরিবারের অভিযোগের তির রাজেশ রাই নামক এক ব্যক্তির থেকে। তাদের অভিযোগ রাজেশ জোর করে তাঁর মেয়ে চাঁদনির সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন গৌতমের। তাঁদের দাবি, ফতেপুরের উতক্রমিত মধ্য বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিতে বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন রাজেশ রাই। সেই প্রস্তাবে রাজি না হওয়াতেই অপহরণ করে বিয়ে দিয়ে দেওয়া হয় বলে দাবি অপহৃত ওই যুবকের পরিবারের। ঘটনার সঙ্গে কারা জড়িত? পুলিশের তরফে জানানো হয়েছে, অভিযোগ গ্রহণ করে, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

About Post Author