Home » রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় প্রধানমন্ত্রী, মুহুর্মুহু স্লোগান-দেদার পুষ্পবৃষ্টি

রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় প্রধানমন্ত্রী, মুহুর্মুহু স্লোগান-দেদার পুষ্পবৃষ্টি

সময় কলকাতা ডেস্ক, ৩০ ডিসেম্বর: মেগা উদ্বোধন রয়েছে জানুয়ারিতেই। তার আগে বর্ষশেষের মুখে অযোধ্যায় রাম মন্দিরে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দির উদ্বোধনের শেষ মুহূর্তের প্রস্তুতি সরেজমিনে ঘুরে দেখবেন তিনি। তাঁকে স্বাগত জানাতে সেজে উঠেছে রাম জন্মভূমি। এদিন তিনি উদ্বোধন করবেন দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের। এদিন মহর্ষি বাল্মীকি আন্তর্জাতিক বিমানবন্দর এবং নবনির্মিত রেল স্টেশন উদ্বোধনও করবেন তিনি। দীর্ঘ ১৫ কিলোমিটারের মেগা রোড শো করেন মোদি। তাঁর রোড শো-কে ঘিরে রাস্তার দুধারে মানুষের ঢল নেমে আসে। এদিন ধুমধাম করে তাঁকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। উপস্থিত ছিলেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেলও।মোদির কনভয়ে হয় পুষ্পবৃষ্টি।

আরও পড়ুন   রাম মন্দির উদ্বোধনের আগেই অযোধ্যায় প্রধানমন্ত্রী, মুহুর্মুহু স্লোগান-দেদার পুষ্পবৃষ্টি

এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে ১০০ মিটার অন্তর অন্তর ফুলের গেট তৈরি হয়েছে। জায়ান্ট স্ক্রিনে রামায়ণ দেখানো হচ্ছে। মোদির রোড শোয়ের পথে এদিন ছিল ত্রিস্তরীয় নিরাপত্তা। দীর্ঘ ১৫ কিলোমিটারের রোড শো করে অযোধ্যা ধাম রেল স্টেশনে পৌঁছে যান মোদি। উদ্বোধন করেন নয়া স্টেশন এবং অমৃত ভারত এক্সপ্রেসের। প্রধানমন্ত্রী যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেই রাস্তার দু’পাশ দিয়ে রব উঠতে থাকে ‘জয় শ্রীরাম, জয় শ্রীরাম’। গাড়ির দরজা খুলে বেরিয়ে, হাত নেড়ে সকলের অভিবাদন গ্রহণ করেন তিনি। রাম মন্দির উদ্বোধনের আগে গোটা অযোধ্যা শহর সেজে উঠছে। তৈরি হয়েছে নতুন মহর্ষি বাল্মিকী আন্তর্জাতিক বিমানবন্দর অযোধ্যা ধাম। সেই বিমানবন্দর এবং নবরূপে সজ্জিত অযোধ্যা ধাম রেল স্টেশনের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদির। জানা গিয়েছে, ২৪০ কোটি টাকা খরচে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা রেল স্টেশন। তিনতলার সেই স্টেশনই এদিন উদ্বোধন করলেন মোদি। যার নয়া নামকরণ হয়েছে অযোধ্যা ধাম জংশন।

 

২২ জানুয়ারি রাম মন্দিরের দ্বারঘাটনের কথা রয়েছে। সেই মেগা কর্মসূচির তিন সপ্তাহ আগেই খুলে গেল অযোধ্যার নতুন রেল স্টেশন। একইসঙ্গে ৬ টি বন্দে ভারত এবং ২ টি অমৃত ভারত এক্সপ্রেস-সহ আটটি ট্রেনের উদ্বোধনও করেন তিনি। জানা গিয়েছে, অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রোড শো স্মরণীয় করে রাখতে থাইল্যান্ড, মালয়েশিয়া, কলকাতা, বেঙ্গালুরু, দেরাদুন, উত্তরাখণ্ড ও দিল্লি থেকে ফুল আনা হয়েছে। প্রধানমন্ত্রীর রোড শো রুটের মধ্যে ৫১টি জায়গা থেকে তাঁকে স্বাগত জানানো হয়েছে। যার মধ্যে ১২টি স্থানে সাধু-সন্তরা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। এছাড়া রোড শো চলাকালীন সাধু-সন্ত থেকে অযোধ্যার মানুষ, বৈদিক শিক্ষার্থীরা শঙ্খ বাজিয়ে, বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান।

About Post Author