স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ জানুয়ারি: দীর্ঘ তিন দশকের লড়াইয়ে অবশেষে যবনিকা পড়ল। মৃত্যুর তিন বছর পর ‘কর প্রতারক’ তকমা থেকে রেহাই পেলেন দিয়েগো মারাদোনা। ইটালির প্রথম সারির ক্লাব নাপোলিতে খেলার সময় কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছিল ফুটবলের রাজপুত্রের বিরুদ্ধে। ৩০ বছর পর ইতালির রাজস্ব বিভাগের সঙ্গে আইনি লড়াইয়ে শেষ হাসি হাসলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। 
নিজের বর্ণময় ফুটবল জীবনের দীর্ঘ ছ’বছর ইতালির সিরি-এ ক্লাব নাপোলির হয়ে খেলেছেন দিয়েগো মারাদোনা। ১৯৮৪ সালে স্পেনের ক্লাব বার্সেলোনা থেকে নাপোলিতে যোগ দিয়েছিলেন তিনি। আকাশী জার্সিতে খেলেছেন ১৯৯১ সাল পর্যন্ত। এই দলের হয়ে জিতেছেন বহু খেতাব। করেছেন বহু স্মরণীয় গোল। যদিও নাপোলিতে থাকার সময়ও বিতর্ক পিছু ছাড়েনি তাঁর। ইতালির ক্লাবে খেলার সময় নিজের ছবির স্বত্ব হিসেবে অর্থ পেতেন দিয়েগো। তাঁর বিরুদ্ধে অভিযোগ, কর ফাঁকি দিয়ে সেই অর্থ তিনি লিচেনস্টাইনের ভুয়ো একটি সংস্থায় বিনিয়োগ করতেন। ফুটবলের কিংবদন্তীর বেশ কিছু সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়। ২০১৮ সালে এই সংক্রান্ত একটি মামলায় আর্জেন্টিনার প্রাক্তন অধিনায়কের বিরুদ্ধে রায় দিয়েছিল সেদেশের স্থানীয় এক আদালত। যদিও আইনি লড়াই থামেনি। অবশেষে সেই রায় খারিজ করে দিল রোমের আদালত। ফলে কর ফাঁকি মামলায় ৩০ বছর পর বড় স্বস্তি পেল মারাদোনার পরিবার।
আরও পড়ুন: IND W vs AUS W: তিতাস ঝড়ে অষ্ট্রেলিয়াকে দুরমুশ করল হরমনপ্রীতের ভারত
মারাদোনার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানি জানিয়েছেন, “কর সংক্রান্ত মামলা শেষ হয়ে গিয়েছে। কোনওরকম কুন্ঠা ছাড়াই জানাতে চাই যে মারাদোনা কোনও দিন কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেননি।” পাশাপাশি, শনিবারের এই রায় ফুটবল খেলা এবং মারাদোনার স্মৃতির প্রতি ন্যায়বিচার করেছে। তিনি বলেছেন, “গত ৩০ বছর ধরে দিয়েগো মানসিক যন্ত্রণা সহ্য করেছেন। তাতে অবশেষে কিছুটা স্বস্তির প্রলেপ পড়ল।” এ বার মারাদোনার পরিবার ক্ষতিপূরণ দাবি করতে পারেন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার