Home » রাজীব দাস হত্যার ১৩ বছর

রাজীব দাস হত্যার ১৩ বছর

পুরন্দর চক্রবর্তী, সময় কলকাতা,১৪ ফেব্রুয়ারি : ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে। ভ্যালেন্টাইন্স ডের দিন ভালোবাসার দিন। তবুও এই ভালোবাসার দিনে প্রেম ভালোবাসার পাশাপাশি একটি নৃশংস  অপ্রেমের ছবিও মনে পড়ে যায় যা আজ থেকে ১৩ বছর আগে ঘটেছিল। এই ঘটনা সেসময় রাজ্যের বুকে ছিল এক বিরল হত্যাকান্ড যে ঘটনায় নৃশংসতা সব মাত্রা অতিক্রম করেছিল। উত্তর ২৪ পরগনার বারাসাতের ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব দাসকে খুন হতে হয়েছিল দিদির সম্ভ্রম রক্ষায়।এই ঘটনা বাম আমলের হলেও  সময়ের সাথে সাথে তৃণমূল আমলেও এই ঘটনার রেশ থেকে যায়।

সময় পাল্টানোর সাথে সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের চিত্র পাল্টানোর প্রথম ইঙ্গিতবাহী ঘটনা বাম আমলে রাজীব দাসের হত্যাকান্ড ও তৃণমূল আমলে দুষ্কৃতীদের সাজা । তৃণমূল তখন ক্ষমতায় আসে নি। বাম জমানার শেষ দিকের কথা । বামেদের শেষের শুরুর ইঙ্গিত তখন মিলতে শুরু করেছে । স্থান উত্তর চব্বিশ পরগনা জেলা সদর বারাসাত। আরো সুনির্দিষ্ট ভাবে বললে বারাসাতের কাছারি মাঠ সংলগ্ন এলাকা। ২০১১ সালের ভ্যালেনটাইন্স ডে অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারীর রাত বারোটা বাজার প্রাক মুহূর্তে দিদির শ্লীলতাহানীর প্রতিবাদ করতে হয় ষোলো বছরের রাজীব দাস ।ট্রেন থেকে বাড়ির পথে ফেরা দিদি রিঙ্কু দাসের সম্ভ্রম রক্ষায় প্রতিবাদী হয়ে মাধ্যমিক পরীক্ষার্থী রাজীব খুন হয়ে যায় বারাসাত কাছারি মাঠের কাছে । উত্তাল হয়ে ওঠে জেলা তথা রাজ্য রাজনীতি । এই খুনে তিন অভিযুক্ত ছিল মিঠুন দাস, মনোজিৎ বিশ্বাস ও বিশ্বনাথ চট্টোপাধ্যায় । তৃণমূল ক্ষমতায় আসার পরে চার্জশিট গঠনের পরে শুরু হয় শুনানি ।পুলিশের চার্জসিট ও প্রত্যক্ষদর্শী রিঙ্কু দাসের বয়ান থেকে জানা যায়, মিঠুন দাসই সমূলে ছুরি বিদ্ধ করে রাজীব দাসের পেটে ।২০১৫ সালের ১২ ই ফেব্রুয়ারী মিঠুন সহ তিন অভিযুক্তকেই দোষী সাব্যস্ত করে বারাসাত আদালত। পরের দিন যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দেয় বারাসাত । এই ঘটনা এজন্যই উল্লেখযোগ্য কারণ এক মনুয়া কাণ্ড তথা অনুপম হত্যাকান্ড ছাড়া আর গত ১৩ বছরে শহর বারাসাত দেখে নি এরকম নৃশংস খুনের ঘটনা। যেভাবে বিভিন্ন ঘটনার সঙ্গে তুলনা টানতে গিয়ে প্রসঙ্গক্রমে রাজীব হত্যার ছায়ার কথা বলা হত সেই রাজীব হত্যার ইতিবৃত্ত ভুলতে বসেছে মানুষ। তবুও ভ্যালেন্টাইন্স ডের কথা উঠলেই আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নারী নিরাপত্তার কথায় মনে পড়েই যায় রাজীবকে।

আরও পড়ুন চোপড়ার শিশুমৃত্যুর ঘটনায় বিএসএফের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ, রাজ্যপালের দ্বারস্থ তৃণমূলের প্রতিনিধি দল

About Post Author