Home » গোয়ার মাটিতে গোয়াকে মাটি ধরিয়ে জয় মোহনবাগানের

গোয়ার মাটিতে গোয়াকে মাটি ধরিয়ে জয় মোহনবাগানের

সময় কলকাতা ডেস্ক, ১৪ ফেব্রুয়ারি : ৮৯ মিনিটে মোহনবাগান যখন এক গোলে এগিয়ে তখন মনবীর সিং একা গোলরক্ষককে পেয়েও গোলে শট না নিয়ে সুযোগ হাতছাড়া করলেন তখন মোহনবাগান সমর্থকদের মনে কিছুটা হলেও অনিশ্চয়তা ছিল। কিন্তু ডার্বি ম্যাচের পর থেকেই মোহনবাগানের ঘোড়া ছুটছে। মোহনবাগান জিতেই মাঠ ছাড়ল।  এবছর আইএসএলে  একটানা অপরাজিত থাকা এফ সি গোয়াকে হারিয়ে দিল মোহনবাগান। খেলার ফল ১-০। খেলার ৭৪ মিনিটে একমাত্র গোলটি করলেন পেত্রাতোস।

সুপার কাপের মোহনবাগানের সঙ্গে  এই মোহনবাগানের অনেকটাই ফারাক। অনেক তারকাই দলে ফিরেছেন। তবে চূড়ান্ত ফারাক গড়ে দিতে পেত্রাতোসের পাশাপাশি হাজির জনি কাউকো আর দুজনের জন্যই মোহনবাগানের দলগত শক্তি অনেকটাই বেড়েছে । পাশাপাশি ডাগ আউটে থাকা হাবাসের মগজাস্ত্র  আর সবুজ মেরুন দলের নাছোড়বান্দা মনোভাবের সৌজন্যে পাল তোলা নৌকো এগিয়ে চলেছে। আর তাই অপরাজিত থাকা সম্ভব ছিল না গোয়ার। গোয়ার মাটিতে গোয়াকে হারিয়ে ৩ পয়েন্ট ঘরে তুলল মোহনবাগান। আর এক ধাক্কায় তারা উঠে এল আইএসএল পয়েন্ট টেবিলে তিন নম্বরে। শীর্ষে থাকা ওড়িশা বা গোয়ার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে মোহনবাগান। এদিন মোহনবাগানের  গোলটি সংগঠিত আক্রমণের ফল না হলেও, গোলকিপারের ভুলে পাওয়া সুযোগকে কাজে লাগান পেত্রাতোস। মনবীর বা লিস্টন কোলাসোরা এই গোলের পরে সুযোগ পেলেও ব্যবধান আর বাড়ে নি। রবিবার মোহনবাগানের খেলা  নর্থইস্ট ইউনাইটেড এর বিরুদ্ধে, যে ম্যাচ জিতলে আইএসএলের শীর্ষস্থানের দিকে আরও একধাপ এগোবে সবুজ মেরুন। তবে এদিনের ম্যাচ জিতে প্রথম ছয় দলে বা টপ সিক্সে থাকা অনেকটাই নিশ্চিত করে ফেলল মোহনবাগান।।

আরও পড়ুন ফের বন্দুকবাজের হামলা নিউ ইয়র্কে, এলোপাথাড়ি গুলি চলল প্ল্যাটফর্মে

About Post Author