Home » Mohun Bagan: নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে কত নম্বরে উঠে এল মোহনবাগান?

Mohun Bagan: নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে আইএসএলে কত নম্বরে উঠে এল মোহনবাগান?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: আন্তোনিও লোপেজ হাবাসের হাত ধরে জয়ের সরণীতে ফিরেছে মোহনবাগান (MOHUN BAGAN)। ডার্বিতে ড্র করার পর আইএসএলে (ISL) টানা তিন ম্যাচ জিতেছে সবুজ মেরুণ ব্রিগেড। শনিবার পিছিয়ে পড়েও নর্থইস্ট ইউনাইটেডকে (NORTHEAST UNITED) ৪-২ গোলে হারিয়ে দিয়েছে তারা। দুরন্ত ফুটবল খেলেছেন চোট সারিয়ে দলের সঙ্গে যোগ দেওয়া জনি কাউকো। মোহনবাগানের চার গোলের মধ্যে তিনটি গোল এসেছে জনির বাড়ানো পাস থেকে। তার মধ্যে শেষ গোলের পাসটা বিশ্বমানের। যুবভারতী থেকে ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ায় পয়েন্ট তালিকায়ও উন্নতি হয়েছে মোহনবাগানের।

মরশুমের শুরুটা খারাপ করেনি পাল তোলা নৌকা ব্রিগেড। শুরু থেকে আইএসএলের পয়েন্ট টেবিলের শীর্ষে  ছিল দল। কিন্তু প্রথম পর্বের শেষের দিকে ছন্দপতন হয়। পরপর তিন ম্যাচ হেরে অনেকটা পিছিয়ে পড়তে হয় কলকাতার এই প্রধানকে। নতুন বছরের শুরুতে দলের দায়িত্ব দেওয়া হয় আন্তোনিও লোপেজ হাবাসকে। তিনি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর বদলে গিয়েছে জিততে ভুলে যাওয়া দলটির মানসিকতা। আইএসএল ডার্বিতে ড্র করলেও তারপর তিন ম্যাচে জয় পেয়েছে তারা। এবার নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল মোহনবাগান।

আরও পড়ুন: নীল জার্সিতে ভাগ্য ফিরল ইস্টবেঙ্গলের, জিতে উঠে এল অষ্টম স্থানে

আইএসএল পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ওড়িশা এফসি। ১৫ ম্যাচ খেলে তাদের সংগ্রহ ৩১ পয়েন্ট। গোল পার্থক্য ১৪। তার পরেই রয়েছে মোহনবাগান। মোহনবাগানের পয়েন্ট ২৯। এখনও পর্যন্ত ১৪ টি ম্যাচ খেলেছে তারা। গোল পার্থক্য ১০। তৃতীয় স্থানে রয়েছে গোয়া। ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট পেয়েছে তারা। গোল পার্থক্য ১২। লিগ টপারের দৌড়ে রয়েছে এই তিন ক্লাব। গোয়া তিন নম্বরে থাকলেও দুটি ম্যাচ হাতে রয়েছে তাদের। সেই দুটি ম্যাচে জিতলে লিগ তালিকার শীর্ষে চলে যাবেন সন্দেশরা। অন্যদিকে মোহনবাগানও শীর্ষে থাকা ওড়িশার থেকে এক ম্যাচ কম খেলেছে। আগামী ২৪ ফেব্রুয়ারি মোহনবাগন খেলবে সের্গিও লোবেরার দলের বিরুদ্ধে। ওই ম্যাচ জিতলে ওড়িশাকে অনেকটা চাপে ফেলতে পারবে হাবাসের দল। একদিকে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে ফের খেতাবী লড়াইয়ে ফিরেছে মোহনবাগান। অন্যদিকে হায়দরাবাদকে হারিয়ে লিগ তালিকার আট নম্বরে উঠে এসেছে ইস্টবেঙ্গল। ১৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৫।

About Post Author