সময় কলকাতা ডেস্ক, ২৭ ফেব্রুয়ারি: মটনের একই রকম পদ থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই মটন রান্নায় নতুনত্ব স্বাদ পেতে বাড়িতেই বানিয়ে ফেলুন মটন ঘি রোস্ট। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন মটন ঘি রোস্ট। বিশেষ করে রুটি, পরোটা বা নানের সঙ্গে একবার এই মটন ঘি রোস্ট খেলে আর ভুলতে পারবেন না। এতে পেট আর মন দুটোই খুশি। মটন ঘি রোস্ট বাঙালির হেঁসেলে অনায়াসেই বানানো যায়। মটন ঘি রোস্ট বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

উপকরণ
খাসির মাংস-১ কেজি
টক দই-আধ কাপ
হলুদ গুঁড়ো- আধ চা চামচ
লেবুর রস- ১ টেবিল চামচ
নুন-স্বাদ মতো
গুড়-২ টেবল চামচ
কারি পাতা-১ আঁটি
ঘি-৬ টেবল চামচ
শুকনো লঙ্কা-৩ টে
গোটা গোলমরিচ-৭-৮টি
লবঙ্গ-৩টি
মৌরি-১ চা চামচ
গোটা ধনে- দেড় টেবিল চামচ
গোটা জিরে-আধ চা চামচ
রসুন-৭ থেকে ৮ কোয়া
তেঁতুল বাটা-দেড় টেবিল চামচ

রন্ধন প্রণালী
প্রথমেই একটি পাত্রে খাসির মাংস নিয়ে একে একে জল ঝরানো দই, হলুদ গুঁড়ো, লেবুর রস ও আধ চা চামচ নুন দিয়ে ২-৩ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন। এবার শুকনো খোলায় শুকনো লঙ্কা, মৌরি, জিরে, ধনে, লবঙ্গ ও গোটা গোলমরিচ একদম কম আঁচে ২-৩ মিনিট নেড়ে নামিয়ে ঠান্ডা করে নিন। সব ভাজা মশলা মিক্সিতে গুঁড়ো করে নিন। একটি প্যানে আড়াই টেবিল চামচ ঘি গরম করে ম্যারিনেড করা মাংস দিয়ে ১০ মিনিট ভেজে নিন। কড়াইয়ে আবার ঘি গরম করে রসুন বাটা ফোড়ন দিন। এবার তেঁতুলের বাটার মধ্যে ভাজা মশলার গুঁড়ো মিশিয়ে কড়াইতে ঢেলে দিন। মশলা থেকে তেল ছেড়ে এলে ভেজে রাখা মাংস দিয়ে ভাল করে মিশিয়ে নিন। নুন আর গুড় মিশিয়ে অল্প আঁচে কষিয়ে নিন। যতক্ষণ না মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে আসছে, ততক্ষণ ঢেকে রান্না করে নিন। মাংস সেদ্ধ হয়ে এলে একটি ছোট পাত্রে ঘিয়ে কারিপাতা ফোড়ন দিয়ে মাংসের উপর ঢেলে দিলেই তৈরি হয়ে যাবে খাসির ঘি রোস্ট। নান, রুটি কিংবা পরোটার সঙ্গে জমিয়ে খান মটন ঘি রোস্ট।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি