Home » UEFA Europa League: প্রতিপক্ষকে ১১ গোলের মালা পরিয়ে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

UEFA Europa League: প্রতিপক্ষকে ১১ গোলের মালা পরিয়ে ইউরোপা কাপের কোয়ার্টার ফাইনালে লিভারপুল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ মার্চ: উয়েফা ইউরোপা লিগে লিভারপুল ঝড়। বৃহস্পতিবার মধ্যরাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে স্পার্টা প্রাগকে বড় ব্যবধানে হারিয়ে দিল তারা। সুপার সিক্সটিনের ফিরতি পর্বের খেলায় য়ুর্গেন ক্লপের দল জিতল ৬-১ গোলে। প্রথম পর্বের ম্যাচে স্পার্টার ঘরের মাঠে তাদের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। দুই পর্ব মিলিয়ে স্পার্টাকে মোট ১১ গোলের মালা মালা পরালেন মো সালাহরা।

খেলা শুরু হওয়ার প্রথম চোদ্দ মিনিটের মধ্যে ৪-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। সাত মিনিটে তাদের হয়ে গোলের হালখাতা করেন ডারউইন নুনেজ। তার ঠিক এক মিনিটের মধ্যে দলের ব্যবধান দ্বিগুণ করেন ববি ক্লার্ক। মো সালাহের বাড়ানো পাস থেকে গোল করেন এই লিভারপুলের উদীয়মান এই ফুটবলার। ম্যাচের ১০ মিনিটের মাথায় তার বাড়ানো পাস থেকে গোল করেন মো সালাহ। ৩-০ গোলে এগিয়ে যায় লিভাপুল। তাতেও গোলের খিদে কমেনি ইংল্যান্ডের দলটির। চার মিনিটের মধ্যে দলের ব্যবধান ৪-০ করেন কোডি গাকপো। বলটি বাড়িয়েছিলেন সালাহ। ম্যাচের ৩৫ মিনিটের মাথায় ৫-০ গোলে এগিয়ে যেতে পারত লিভারপুল। ফাঁকা গোলে বল ঠেলতে পারেননি নুনেজ। বিরতিতে যাওয়ার তিন মিনিট আগে একটি গোল শোধ করে স্পার্টা।

আরও পড়ুন: UEFA Champions League: চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড

দ্বিতীয়ার্ধের শুরুতেই আরও ব্যবধান বাড়ায় স্বাগতিকরা। এই গোলের পিছনেও অবদান সেই মো সালাহর। তার বাড়ানো পাস থেকে স্কোরবোর্ড ৫-১ করেন ডমিনিক সোবজলাই।  ম্যাচের ৫৫ মিনিটের মাথায় দলের ষষ্ঠ ও নিজের দ্বিতীয় গোলটি করেন কোডি গাকপো। বাকি সময়ে আর গোল দিতে না পারলেও দাপট ধরে রাখে লিভারপুল। এদিন ৭৮ শতাংশ সময় বল দখলে রেখেছিল তারা। মোট ২২টি শট নেয় ক্লপের শিষ্যরা। যার মধ্যে ১২টিই ছিল গোলমুখে। বিপরীতে স্পার্টার নেওয়া ৯ শটের মধ্যে মাত্র ২টি ছিল গোলমুখে। ফলে এদিন বিশেষ পরীক্ষার মুখোমুখি হতে হয়নি লিভারপুল গোলরক্ষককে। দুই পর্ব মিলিয়ে বিপক্ষকে ১১ গোলের মালা পরিয়ে মাঠ ছাড়ে অল রেডরা।

About Post Author