Home » Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনার পর কড়া পদক্ষেপ প্রশাসনের, বেআইনি নির্মাণে থানাগুলিকে সতর্ক করল লালবাজার

Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনার পর কড়া পদক্ষেপ প্রশাসনের, বেআইনি নির্মাণে থানাগুলিকে সতর্ক করল লালবাজার

সময় কলকাতা ডেস্ক, ১৯ মার্চঃ গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনার পর এবার নড়েচড়ে বসল লালবাজার। ফতেপুর ব্যানার্জি বাগান লেনের ওই বহুতল যে নিয়ম মেনে তৈরি হচ্ছিল না, ইতিমধ্যেই তা জানিয়েছেন কলকাতা পুরসভা মেয়র ফিরহাদ হাকিম এবং স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রশ্ন উঠছে, প্রকাশ্যে এমন একটি নির্মাণ কেন স্থানীয় জনপ্রতিনিধি বা পুলিশ প্রশাসনের নজরে এল না? শহরের আনাচেকানাচে এমন বেআইনি নির্মাণ যে কতটা ভয়ঙ্কর রুপ নিতে পারে, তা চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে গার্ডেনরিচের এই দুর্ঘটনা। এহেন পরিস্থিতিতে কলকাতা পুলিশের সদর দপ্তরের তরফে কলকাতার থানাগুলিকে সতর্ক করা হয়েছে। প্রোমোটার বা নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন লালবাজারের কর্তারা। সেইসঙ্গে জানিয়েছেন, শহরের প্রত্যেকটি নির্মীয়মাণ বাড়ি, বহুতলে গিয়ে খোঁজ নিতে হবে যে সেগুলি আইন মেনে তৈরি হচ্ছে কি না। সেক্ষেত্রে কলকাতা পুরসভার সাহায্য নেবে পুলিশ। কোথাও বেআইনি নির্মাণ হলে সেই প্রোমোটার বা ডেভেলপারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে লালবাজার।

আরও পড়ুন  Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনও অবধি ৯ জনের মৃত্যু, ধ্বংসস্তূপে ২ জনের আটকে থাকার আশঙ্কা

প্রসঙ্গত, দু’রাত পেরিয়ে গেলেও গার্ডেনরিচে বহুতল বিপর্যয়ের ঘটনায় এখনও পর্যন্ত ন’জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এদিকে, গার্ডেনরিচে কংক্রিটের নিচে দু’জনের আটকে থাকার আশঙ্কা রয়েছে। সোমবার রাত ৯টা পর্যন্ত উদ্ধারকাজ চালিয়ে ১০ জনকে বার করে আনে এনডিআরএফ। তাঁদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে মেটিয়াবুরুজের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। যদিও রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ ছিল। তবে মঙ্গলবার সকাল হতেই ফের উদ্ধারকার্য শুরু হয়েছে। অন্যদিকে, বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রোমোটারের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মহম্মদ ওয়াসিম নামে ওই প্রোমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, পাঁচতলার উপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে। নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র। পুকুর বুজিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, রবিবার গার্ডেনরিচে হাজারি মোল্লা বাগান এলাকায় ৫১৩/৩ ব্যানার্জি পাড়া লেনে ঝুপড়ির উপর ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। এখনও জারি রয়েছে উদ্ধারকাজ। জানা গিয়েছে, রবিবার রাত ১২ টার খানিকক্ষণ আগে কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডে ঘটে বিপত্তি। বাড়িটি নির্মীয়মাণ হওয়ায় সেখানে কেউ ছিলেন না। রবিবার রাতে বহুতলটি যখন ভেঙে পড়ে তখন এলাকাবাসীরা বিকট শব্দ শুনতে পান, ভূমিকম্পের মতো অনুভূত হয়। নিমেষের মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুতলের একাংশ। বালি-সিমেন্টের ধুলোর ঝড় বইতে থাকে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পাশের যে ঝুপড়িতে বহুতলটি ভেঙে পড়ে সেখানেই বহু মানুষ আহত হয়েছেন। রবিবার রাত থেকে যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। এখনও অনেকের ভেঙে পড়া অংশে আটকে থাকার আশঙ্কা রয়েছে। ভগ্নস্তূপের মধ্যে থেকেই উদ্ধারকাজ চালাচ্ছে এনডিআরএফ। আহতদেরকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কয়েকজনকে মেটিয়াবুরুজের একটি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়। ওইদিন রাতেই ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল সহ উচ্চপদস্থ কর্তারা। পৌঁছন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। রাত ৩ টে নাগাদ পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। এরপর উদ্ধারকাজে আরও গতি আসে। রাতের অন্ধকারে দমকল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে উদ্ধারকাজে বেগ পেতে হয়। এছাড়া ঘটনাস্থলে পৌঁছনোর রাস্তা বেশ সংকীর্ণ হওয়ায় বিপর্যয় রাতের অন্ধকারে মোকাবিলা বাহিনী এবং দমকলের পৌঁছতে বেশ কিছুটা সময় লেগে যায়। সোমবার ভোর থেকে এখনও পর্যন্ত জোরকদমে চলছে উদ্ধারকাজ।

#GardenReachBuildingCollapse

#latestbengalinews

About Post Author