Home » Mahua Moitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় ফের ইডির হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র, নির্বাচনের আগে তলব না করার আর্জি

Mahua Moitra: বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় ফের ইডির হাজিরা এড়ালেন মহুয়া মৈত্র, নির্বাচনের আগে তলব না করার আর্জি

সময় কলকাতা ডেস্ক, ২৮ মার্চঃ বিদেশি মুদ্রা লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার সকালে দিল্লির ইডি সদর দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল মহুয়া মৈত্রের। কিন্তু সূত্রের খবর, তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র এদিন দিল্লির ইডি দফতরে হাজিরা দিচ্ছেন না। ইতিমধ্যেই ইডিকে মহুয়া জানিয়েছেন, ‘নদীয়ার কালীগঞ্জে নির্বাচনী প্রচারে ব্যস্ত থাকার কারণে তিনি দিল্লি গিয়ে হাজিরা দিতে পারছেন না। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত যেন তাঁকে তলব না করা হয়। ভোট মিটলে তিনি ইডির মুখোমুখি হবেন।‘ তবে, দল পাশে থাকায় আবার স্বমহিমায় রাজনীতির ময়দানে মহুয়া মৈত্র। প্রচারের কারণ দেখিয়ে ইডি সদর দপ্তরে হাজিরা এড়ানোর ঘটনায় ইডি কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার। জানা গিয়েছে, শুধু মহুয়া নয়, একইসঙ্গে ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও তলব করেছে ইডি।

আরও পড়ুন    ঢাকুরিয়ায় রেললাইন সংলগ্ন ঝুপড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

এর আগে টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় গত শনিবার সাত সকালে মহুয়া মৈত্রের বাবার কলকাতার বাড়িতে সিবিআই হানা দিয়েছিল। সেইসঙ্গে কৃষ্ণনগরে মহুয়া মৈত্রের দলীয় কার্যালয়ে হানা দিয়েছিল সিবিআই আধিকারিকরা। সূত্রের খবর, কৃষ্ণনগরের সিদ্ধেশ্বরী তলায় যেখানে মহুয়া থাকেন সেখানে গিয়েছিলেন সিবিআইয়ের পাঁচ সদস্যের একটি দল। মুহূর্তের মধ্যে তাঁর বাড়ি ঘিরে ফেলেন ৮ থেকে ১০ জন জওয়ান। তল্লাশি চলে গোটা বাড়িতে। সূত্রের খবর, এই বাড়িতে মহুয়া খুব একটা থাকেন না। বেশিরভাগ সময় থাকেন করিমপুরের বাড়িতে। উল্লেখ্য, টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় শনিবার সিবিআই মহুয়া মৈত্রের বাবা দীপেন্দ্রলাল মিত্রের আলিপুরে ফ্ল্যাটে যান। এই আবাসনের নয় তলার একটি ফ্ল্যাটে থাকেন মহুয়া মৈত্রের বাবা। সেখানেই গিয়েছেন গোয়েন্দারা।

সূত্রের খবর, লোকপালের নির্দেশে যে এফআইআর দায়ের করা হয়েছিল তা সামনে রেখেই মহুয়া মৈত্রের বাবার আলিপুরে ফ্ল্যাটে যান সিবিআই আধিকারিকরা। এদিন সকাল সাতটা থেকে শুরু হয়েছে তল্লাশি। প্রায় চারঘণ্টা ধরে চলছে চিরুনি তল্লাশি। এর আগে গত বৃহস্পতিবারই টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন মামলায় বহিষ্কৃত তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, ‘ঘুষ নিয়ে প্রশ্ন’ কাণ্ডে লোকপালের নির্দেশে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। লোকপালের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ২০(৩)এ ধারার অধীনে অভিযোগের সব দিকে তদন্ত করতে হবে সিবিআইকে এবং ছয়মাসের মধ্যে তদন্তের একটি রিপোর্ট জমা দিতে হবে। এছাড়া সিবিআই প্রতিমাসে তদন্তের অগ্রগতি নিয়ে পর্যায়ক্রমিক রিপোর্ট জমা দেবে।

#foreigncurrencytransactioncase

#MahuaMoitra

#latestbengalinews

About Post Author