সময় কলকাতা ডেস্ক, ১২ এপ্রিল: পুর নিয়োগ দুর্নীতি তদন্ত যত এগোচ্ছে ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত অয়ন শীলকে এবার হেফাজতে চায় সিবিআই। ইতিমধ্যেই আলিপুর বিশেষ আদালতে আবেদন জানিয়েছে সিবিআই। আজ, শুক্রবার অয়নকে আদালতে পেশ করা হবে। জানা গিয়েছে, নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে। সিবিআই সূত্রের দাবি, কোটি কোটি টাকার বিনিময়ে বিভিন্ন পুরসভায় বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছিল। একাধিক প্রভাবশালীর কাছে অয়নের মাধ্যমে দুর্নীতির ওই কালো টাকা পৌঁছেছিল বলেও তদন্তকারীদের দাবি। সেই কারণেই অয়নকে জেরার প্রয়োজন বলে দাবি করছেন তদন্তকারীরা।
প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে ইতিমধ্যেই বিভিন্ন পুরকর্তাদের নিয়ে অয়নের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের হদিশ পাওয়া গিয়েছে। এমনকী ধৃত ব্যবসায়ী অয়ন শীলের সঙ্গে বিভিন্ন পুরসভার পদাধিকারীদের যোগসাজশ প্রকাশ্যে এসেছে। কোন পুরসভায় কাদের নিয়োগ করা হবে, সেই সব চাকরিপ্রার্থীদের বিষয়ে নিয়মিত তথ্য আদানপ্রদান হত ওই চ্যাট থেকেই। সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নজরে এসেছেন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। যদিও পুরনিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম থেকেই ইডির স্ক্যানারে ছিলেন নিতাই দত্ত। কেননা ২০১৪-২০১৮ সালের মধ্যে দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন দফতরে চাকরি বিক্রির অভিযোগ ওঠে। সে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান সুজিত বসুর ঘনিষ্ঠ ছিলেন বর্তমান ভাইস চেয়ারম্যান নিতাই দত্ত। কার্যত সেকারণেই ইডি-র নজরে ছিলেন নিতাইবাবু। কিছুদিন আগেই নিতাই দত্তের বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। ওইদিন ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। উদ্ধার হওয়া সেই নথির ভিত্তিতেই নিতাই দত্তকে জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারী অফিসাররা।
উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে রয়েছে পানিহাটি, বর্ধমান, দক্ষিণ দমদম, দমদম, নিউ বারাকপুর, কামারহাটি, মধ্যমগ্রাম, হালিশহর, কৃষ্ণনগর পুরসভা। এই ১০টি পুরসভায় কর্মী নিয়োগের ক্ষেত্রে বেশি অনিয়ম হয়েছে বলেই অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই পুরনিগম দফতরের কাছে এই দশটি পৌরসভা সংক্রান্ত বিভিন্ন তথ্য আবারও চেয়ে পাঠিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি তদন্তকারীরাই বলছেন, যে কটি পুরসভার নাম উঠে এসেছে, তার মধ্যে বেশিরভাগই রয়েছে উত্তর ২৪ পরগনার। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা।
#AyanSheel
#Recruitmentcorruptioncaseinmunicipality
#latestbengalinews


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা