সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিলঃ রাজ্যের আবেদন খারিজ, লোকসভা ভোটের মুখে রামনবমীর শোভাযাত্রা নিয়ে বড় সিদ্ধান্ত। হুগলির শ্রীরামপুরের পর এবার হাওড়া, রামনবমীতে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাম নবমীর মিছিল করার কথা জানিয়ে দিল আদালত। তবে, মিছিলের ক্ষেত্রে বেশকিছু শর্ত বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। এদিন তিনি জানান, প্রতিটি মানুষের নিজের মত করে অনুষ্ঠান করার অধিকার রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার অধিকার রয়েছে। তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না। সেই কারণে রাজ্যের দাবি মেনে এই শোভাযাত্রায় লোক কমানোর বা রুট পরিবর্তন করার যুক্তি নেই বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন Bundesliga: জাভি অলন্সোর ফুটবল দর্শনে বাজিমাৎ, ইতিহাস গড়ে বুন্দেশলিগা চ্যাম্পিয়ন বায়ার্ন লেভারকুসেন
এরপরই বিচারপতি বলেন, “রাজ্যের যে কোনও জায়গায় ২০০ জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে শোভাযাত্রায় ২০০ জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের, যাঁরা মিছিল নিয়ন্ত্রণ করবেন। তাঁদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে। দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে। শোভাযাত্রায় বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার আইজি সিআরপিএফকেও দিতে হবে। একইসঙ্গে বলা হয়েছে, শোভাযাত্রায় একটি গাড়ি ব্যবহার করা যাবে। কিন্তু, কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না।“ অন্যদিকে, ২০০ লোক নিয়েই শোভাযাত্রা যাতে নিশ্চিত করা যায়, তার জন্য আগাম ঘোষণা করতে হবে বিশ্ব হিন্দু পরিষদকে। প্রয়োজনে লিফলেট বিলি করে এই কথা জানাতে হবে। শোভাযাত্রায় যাতে অতিরিক্ত লোক সমাগম না হয় সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, এই প্রথমবার রামনবমীতে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল জরুরি পরিষেবা বাদ দিয়ে রাজ্য সরকারি এবং রাজ্য সরকারি সাহায্যপ্রাপ্ত সমস্ত প্রতিষ্ঠান ছুটি থাকবে। লোকসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের এই ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। যদিও এই ঘটনার প্রেক্ষিতেই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। যেখানে কটাক্ষ করে শুভেন্দু লিখেছেন, সময় বদলাচ্ছে! চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রী রাম নবমী উৎসবের দিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের সম্মানে এই প্রথমবার রাজ্য সরকার ছুটি ঘোষণা করলো। আমি জানুয়ারি মাসে রাম নবমীর দিন ছুটি না দেওয়ার জন্য রাজ্য সরকারের সমালোচনা করেছিলাম। আর আজ রাজ্য সরকার বাধ্য হয়ে ছুটি ঘোষণা করলো।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা