Home » Ram Navami 2024: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার হাতে বিজেপি প্রার্থী

Ram Navami 2024: হাওড়ায় রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার হাতে বিজেপি প্রার্থী

সময় কলকাতা ডেস্ক, ১৭ এপ্রিলঃ হাওড়ায় রামনবমীতে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছিল, রামনবমীর মিছিলি কোনও অস্ত্র নেওয়া যাবে না। কিন্তু আদালতের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে হাওড়ায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর রামনবমীর মিছিলে দেখা গেল অস্ত্র। রামনবমীর শোভাযাত্রায় তলোয়ার হাতে দেখা গেল বিজেপি নেতা-কর্মীদের। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর বিতর্ক। বুধবার রামনবমী উপলক্ষে হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত একটি মিছিল করা হয়। তাতে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। সেখানেই রথীন চক্রবর্তী-সহ অনেকের হাতেই দেখা যায় অস্ত্র। এমনকী ডিজেও বাজে। মূলত ডিজেতেও নিষেধাজ্ঞা ছিল আদালতের। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। এপ্রসঙ্গে এক বিজেপি নেতা বলেন, ‘এটা পরম্পরা। এটা প্রতীকী। এই অস্ত্র কাউকে আঘাত করার জন্য নয়। মা দুর্গার হাতেও তো অস্ত্র থাকে, তাতে কি আমরা ভয় পাই?’

আরও পড়ুন  UEFA Champions League: বার্সেলোনাকে ন্যু ক্যাম্পে বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে প্যারিস সাঁ জাঁ

প্রসঙ্গত,  হাওড়ায় রামনবমীতে শর্তসাপেক্ষে মিছিলের অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। প্রয়োজনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রাম নবমীর মিছিল করার কথা জানিয়েছিল আদালত। তবে, মিছিলের ক্ষেত্রে বেশকিছু শর্ত বেঁধে দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। তিনি জানান, প্রতিটি মানুষের নিজের মত করে অনুষ্ঠান করার অধিকার রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেওয়ার অধিকার রয়েছে। তাদের সেই কাজে বাধা দেওয়া যায় না। সেই কারণে রাজ্যের দাবি মেনে এই শোভাযাত্রায় লোক কমানোর বা রুট পরিবর্তন করার যুক্তি নেই। এরপরই বিচারপতি বলেন, “রাজ্যের যে কোনও জায়গায় ২০০ জন মিছিল করলে নিয়ন্ত্রণ করা সম্ভব ।

তবে শোভাযাত্রায় ২০০ জনের বেশি লোক থাকলে তার দায় থাকবে সংগঠনের ৫ জনের, যাঁরা মিছিল নিয়ন্ত্রণ করবেন। তাঁদের নাম পুলিশকে জানিয়ে রাখতে হবে। দরকার হলে রাজ্য মিছিল নিয়ন্ত্রণ করার জন্য বাহিনী চাইতে পারবে কেন্দ্রের কাছে। শোভাযাত্রায় বাহিনী চাওয়ার আবেদন নোডাল অফিসার আইজি সিআরপিএফকেও দিতে হবে। একইসঙ্গে বলা হয়েছে, শোভাযাত্রায় একটি গাড়ি ব্যবহার করা যাবে। কিন্তু, কোনও অস্ত্র ব্যবহার করা যাবে না। অন্যদিকে, ২০০ লোক নিয়েই শোভাযাত্রা যাতে নিশ্চিত করা যায়, তার জন্য আগাম ঘোষণা করতে বলা হয়েছিল বিশ্ব হিন্দু পরিষদকে। শোভাযাত্রায় যাতে অতিরিক্ত লোক সমাগম না হয় সে ব্যাপারে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। 

#RamNavami2024

About Post Author