স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ মে: ভোটপ্রচারে বেরিয়ে দুর্ঘটনার মুখোমুখি তৃণমূলের তারকা প্রচারক তথা ঘাটালের প্রার্থী দেব। দলীয় প্রার্থীর হয়ে প্রচারের জন্য আকাশ পথে মালদহ থেকে মুর্শিদাবাদ যাচ্ছিলেন তিনি। মাঝ আকাশে তার হেলিকপ্টার থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারকা প্রার্থী। অত্যন্ত দ্রুততার সঙ্গে সেই হেলিকপ্টারটি দ্রুত অবতরণ করা হয়। জানা গিয়েছে দেব-সহ কপ্টারে উপস্থিত সকলেই সুরক্ষিত রয়েছে। ঘটনা জানার পরই উদ্বিগ্ন হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ফোন করে তিনি খোঁজ নেন দলীয় প্রার্থীর।

শুক্রবার মালদহের রতুয়া থেকে প্রচার সেরে মুর্শিদাবাদ পৌঁছনোর কথা ছিল দেবের। সেই মত মালদহে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শেষ করে হেলিকপ্টারে উঠে বসেন তিনি। তারকাকে নিয়ে মুর্শিদাবাদের উদ্দেশ্যে উড়ে যায় হেলিকপ্টার । আকাশে ওড়ার মিনিট দশেকের মধ্যেই যান্ত্রিক ত্রুটি দেখা যায় হেলিকপ্টারে। হঠাৎ কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। দ্রুত মালদহের বিমানবন্দরে জরুরী অবতরণ করা হয় বিমানটি। বিভ্রাটের জেরে সড়ক পথেই মুর্শিদাবাদের উদ্দ্যেশ্যে রওনা দেন দেব। ঘটনার পর একটি সংবাদমাধ্যমে দেব বলেছেন, “মানুষের আশীর্বাদ ও ভালোবাসায় বেঁচে গেছি। খুব কাছ থেকে মৃত্যুকে দেখলাম। এখন ভালো আছি। মানুষ সঙ্গে রয়েছে। আমার পরবর্তী সভা আছে মুর্শিদাবাদের রানীনগরে, যেখানে ৪ ঘণ্টা দেরি হলেও গাড়ি করে যাব, সভা করব। কারোর প্রতি কোনও অভিযোগ নেই।”
ঘটনার পরই উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রচার সভায় গিয়ে মমতা জানান সে কথা। তিনি বলেন, “হেলিকপ্টারে আগে থেকেই ধোঁয়া দেখা যাচ্ছিল। আকাশে ওড়ার পর প্রায় আগুন লেগে যায়। বিষয়টা নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। দেবের সঙ্গে ফোনে কথাও হয়েছে।” মালদহ এয়ারপোর্টে হেলিকপ্টারটি রেখে পরীক্ষা করে দেখা হচ্ছে। আধিকারিকরা জানিয়েছেন, ধোঁয়া দেখা গেলেও আগুন লাগেনি। কী ত্রুটির কারণে এমন হল, তা খতিয়ে দেখা হচ্ছে।


More Stories
বিপাকে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইঞা!
আগের সরকারের সবকিছুতেই ফুলস্টপ নয়, বললেন শিক্ষামন্ত্রী
আইনি জটিলতা কাটাতে এনসিপিআই-এ মিশে গেলেন বিদ্রোহী তৃণমূল সাংসদরা