Home » Lok Sabha Election: তীব্র গরমকে উপেক্ষা করে একতারা হাতে শান্তির ভোটের বার্তা নিয়ে হাজির স্বপন বাউল

Lok Sabha Election: তীব্র গরমকে উপেক্ষা করে একতারা হাতে শান্তির ভোটের বার্তা নিয়ে হাজির স্বপন বাউল

কুণাল গোস্বামী, ৬ মে:  পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ এই ভারত। লোকসভা নির্বাচনে ভোট দানের মাধ্যমে নিজের পছন্দের প্রার্থীকে দেশের আইনসভায় পাঠায় আমজনতা। তাই অনেকে বলেন লোকসভা নির্বাচন দেশের গণতন্ত্রের সব থেকে বড় উৎসব। কিন্তু উৎসব সব মানুষের জন্য একরকম আনন্দের বার্তা বহন করে আনে না। প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্তে বিশেষত এরাজ্য ভোটের সময় একাধিক হিংসার ঘটনার সাক্ষী থাকে।  হিংসামুক্ত ভোটের কথা চিন্তাই করতে পারেনা রাজ্যবাসী। ভোট আসলেই একটা প্রশ্ন জাগে সাধারণ আমজনতার মনে। সেটা হল, “নিজের ভোট নিজে দিতে পারব তো?” মানুষের মধ্যে থেকে ভোটাতঙ্ক কাটাতে ফের পথে নেমে পড়লেন স্বপন বাউল (Swapan Baul)। গরমকে উপেক্ষা করে রাস্তায় নেমে পড়লেন হাতে একতারা, পায়ে ঘুঙরু, মুখে মাইক্রোফোন নিয়ে। গান গেয়ে শান্তির বার্তা দিলেন স্বপন।

রাত পোহালেই রাজ্যের মোট চার কেন্দ্রে ভোটগ্রহণ। এই চার কেন্দ্রের মধ্যে রয়েছে দুই মালদা, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। নির্বাচনের আগের দিন মুর্শিদাবাদ জেলার মুর্শিদাবাদ, জঙ্গিপুর ও বহরমপুরে হাজির হয়েছিলেন স্বপন বাউল। সোমবার পথে পথে ঘুরে শান্তিপূর্ণ ভোটের আহ্বান জানালেন তিনি।  তবে এই প্রথম নয়। এখনও পর্যন্ত  রাজ্যের মোট ২০ টি জেলায় শান্তিপূর্ণ ভোট হওয়ার আবেদন জানিয়ে ভোটারদের সচেতন করেছেন তিনি।

এ দিন মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জমজমাট এলাকায় ব্যস্ত রাস্তার মোড়ে, রেল স্টেশনে, বাস স্ট্যান্ডে, কাটোয়া বহরমপুর গামী চলন্ত ট্রেনে গানের মাধ্যমে শান্তির বার্তা প্রচার করেন। তাঁর লেখা গানে উঠে আসে, “শান্তিপূর্ণ ভোট দাও, শান্তি ভঙ্গ কেউ কোরো না,  বোমাবাজি প্রাণ হানি , মারা মারি খুনো খুনি কেউ কোরো না”। আবার উদাস বাউলের কন্ঠে কখনও শোনা গিয়েছে, “মায়ের কোল শূন্য করে দিও না।। নিজের ভোট নিজে দাও, নির্ভয়ে ভোট দাও সন্ত্রাস মুক্ত ভোট চাই , অবাধ পক্ষপাতহীন ভোটে জাত পাতের ভেদাভেদ গোষ্ঠীর প্রলোভনে কেউ পরো না।” কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের থেকে অতীতে সম্মান পেয়েছেন এই শিল্পী। এই নির্বাচনেও নিঃস্বার্থে ও বিনা পারিশ্রমিকে তার কাজ করে চলেছেন বাউল।  

আরও পড়ুন: Barasat Police Station: তৃতীয় দফার নির্বাচনের আগে বারাসাত থেকে তিন দফা তল্লাশিতে প্রচুর মাদক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, ধৃত বেশ কয়েকজন

স্বপন বাউল জানিয়েছেন, “শান্তিপূর্ণ ভোটের জন্য কঠোর হতে হবে নির্বাচন কমিশনকে। সঠিক দায়িত্ব পালন করতে হবে পুলিশ প্রশাসনকে। আমি ভোট সচেতনতা বাড়িয়ে সারা রাজ্যে মানুষের মনে সাহস আনব । আমি আশা করছি এবারে সামান্য শান্তিভঙ্গ ছাড়া শান্তিপূর্ণ ভোট হবেই। আর যদি শান্তিপূর্ণ ভোট হয় তবেই আমার বিনা পারিশ্রমিকে করা এই প্রচার সার্থক হবে।” এখন স্বপনের গানে অনুপ্রাণিত হয়ে শাসক-বিরোধী শিবির ভোট সন্ত্রাস থেকে নিজেদের বিরত রাখে কিনা সেটাই দেখার।

About Post Author