দীপ সেন, সময় কলকাতা, ৬ মে: রাত পোহালেই তৃতীয় দফার নির্বাচন। দেশের বাকি রাজ্যের মত এই রাজ্যের মোট চার আসনেও হবে ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রস্তুতি সারতে ব্যস্ত শাসক বিরোধী সব পক্ষ। নির্বাচনকে কেন্দ্র করে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তার মাঝেই উত্তর ২৪ পরগনার বারাসাত থেকে উদ্ধার হল মাদক ও আগ্নেয়াস্ত্র । স্বভাবতই নির্বাচনের আগে এই অস্ত্র উদ্ধারকে কেন্দ্র করে তৈরি হয়েছে চাঞ্চল্য।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে গত মাসের (এপ্রিল) ২৫ তারিখ বারাসাতের পূ্র্ব বনমালীপুর এলাকায় হানা দেয় বারাসাত পুলিশের একটি দল। সেখান থেকে মোট সাতজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে সেদিন প্রায় ২৭ কেজি গাঁজা, ২ টো চার চাকা গাড়ি ও নগদ কিছু টাকা উদ্ধার করে বাজেয়াপ্ত করে বারাসাত থানার পুলিশ। পরে সেই সন্দেহভাজনদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে নতুন তথ্য উঠে আসে পুলিশের হাতে। সেই তথ্যের ভিত্তিতে ফের ১ মে বেলতলা হাবুর মাঠে হানা দেয় বারাসাত পুলিশের একটি দল। সেখান থেকে আরও তিনজন সন্দেহভাজনকে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে প্রায় ২৮ কেজি গাঁজা, ১ টি আগ্নেয়াস্ত্র ও একটি দু’চাকার গাড়ি পাওয়া গিয়েছে। সেগুলিকে বাজেয়াপ্ত করা হয়েছে। সেই তিনজনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করে আরও আগ্নেয়াস্ত্র সংক্রান্ত তথ্য বার করে পুলিশ। সেই সূত্র ধরে তৃতীয়বারের জন্য তল্লাশি অভিযান চালিয়ে আরও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ।
বারাসাতের এসডিপিও বিদ্যাগর আজিঙ্কে অনন্ত জানিয়েছেন, তদন্ত করে দেখা হচ্ছে যে উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও মাদক দ্রব্য কারা ও কী উদ্দ্যেশ্যে মজুত করে রেখেছিল। তিনি জানিয়েছেন গ্রেফতার হওয়া সকলেই বারাসাত ও তার সংলগ্ন দুই এলাকা দত্তপুকুর ও নিউ ব্যারাকপুরের বাসিন্দা।


More Stories
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
প্রাক্তন বিধায়ক রফিকুরের ভাই আনিস গ্রেফতার
তৃণমূলের শ্বাসকষ্টের আরেক শিকার অভিষেক ঘনিষ্ঠ শুভ্রকান্তির পদত্যাগ