সময় কলকাতা ডেস্ক, ২৩ জুন : ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা এবং ইউজিসি নেট কেলেঙ্কারি নিয়ে উত্তাল হয়ে উঠেছে সারা দেশ। তারই মধ্যে এবার স্থগিত NEET-PG। মূলত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরীক্ষার নতুন দিন পরে ঘোষণা করা হবে বলেই জানিয়েছে এনটিএ। রবিবারই নিট-পিজি হওয়ার কথা ছিল। শনিবার অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছিল পরিক্ষার্থীরা। কিন্তু, তা স্থগিত করে দেওয়া হল। কারণ হিসাবে তুলে ধরা হয় বিতর্কের কথা। তবে এত কিছুর পরও প্রশ্নফাঁস এড়াতে কেন NEET-PG স্থগিত করতে হলো কেন্দ্রকে? তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, ‘সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই ২৩ জুন নিট-পিজির পরীক্ষা স্থগিত রাখা হচ্ছে। নতুন তারিখ শীঘ্রই জানানো হবে। পডুয়াদের অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।’
আরও পড়ুন NEET UG- এর প্রশ্নফাঁস মামলায় সিবিআই তদন্তের নির্দেশ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের
এদিকে, নিট-পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এগ্জ়ামিনেশন ইন মেডিক্যাল সায়েন্সেস শুক্রবার পড়ুয়াদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল। প্যানেল বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, তারা নিট-পিজির আগে রুটিনমাফিক নজরদারি চালিয়েছিল। সেখান থেকেই জানা গিয়েছে, কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নের কথা বলে পড়ুয়াদের সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছেন। তাঁরা দাবি করছেন, এই পরীক্ষার প্রশ্ন নির্দিষ্ট টাকার বিনিময়ে হাতে পেয়ে যেতে পারেন পড়ুয়ারা। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে প্যানেলের তরফে। পড়ুয়ারা যাতে কোনও ভাবেই ওই ফাঁদে পা না দেন, বিজ্ঞপ্তিতে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। কেউ এমন কোনও প্রতারণার প্রমাণ পেলে অবিলম্বে কর্তৃপক্ষকে তা জানানোর পরামর্শও দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের। এই বিজ্ঞপ্তি জারির এক দিন পরেই জানিয়ে দেওয়া হয়, রবিবার পরীক্ষা হচ্ছে না, তা পরে হবে। পরীক্ষা স্থগিতের কারণ হিসাবে অবশ্য প্রশ্নফাঁসের কথা বলা হয়নি।
অন্যদিকে, নিট ইউজি(NEET UG)-এর প্রশ্নফাঁস মামলায় ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক।শনিবার শিক্ষামন্ত্রকের তরফে প্রেসবিবৃতি জারি করে বলা হয়েছে, গত ৫ মে ২০২৪ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি পরীক্ষার আয়োজন করেছিল। এই পরীক্ষা নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে এসেছে। ইতিমধ্যেই শিক্ষামন্ত্রক বেশ কিছু রিভিউয়ের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছে যে, এর তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হবে। নিট ইউজি ডাক্তারির প্রবেশিকা পরীক্ষায় বিস্তর অভিযোগ ওঠে। প্রশ্নপত্র ফাঁসের একটি অভিযোগও রয়েছে। ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রশ্ন বিক্রিরও অভিযোগ ওঠে। এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। পরীক্ষা বাতিলের আর্জি, কাউন্সেলিং বন্ধ রাখার আর্জির পাশাপাশি সিবিআই তদন্ত চেয়েও আবেদন জমা পড়ে দেশের শীর্ষ আদালতে। এনটিএ-কে নোটিস দেয় সুপ্রিম কোর্ট। নেট ইউজিসি নিয়ে ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে কারচুপির তদন্ত হলেও ২০২৪-এর মে মাসে হওয়া নিট-ইউজি বাতিল বলে গণ্য হচ্ছে না বলেই জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।
#NEETPGpostponed
#NEETUG
#নিটইউজি
#নিটপিজি
#Latestbengalinews


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭