সময় কলকাতা ডেস্ক, ১৭ জুলাইঃ সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্র বাংলাদেশ। মঙ্গলবার কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ এবং পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। ঢাকা, চট্টগ্রাম, রংপুর-সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে এই বিক্ষোভের আঁচ। কোটাবিরোধী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে ইতিমধ্যেই বাংলাদেশে প্রাণ হারিয়েছেন ৬ জন। এদিকে, কোটাবিরোধী আন্দোলনের জেরে স্কুল-কলেজের পরে এবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয়। কার্যত ‘নিরাপত্তার স্বার্থে’ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ জারি হতেই বুধবার ভোর থেকে বিশ্ববিদ্যালয়ের হোস্টেল ছাড়তে শুরু করেছেন পড়ুয়ারা।
দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। রবিবার এই আন্দোলন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি মন্তব্য করেন। এরপর সোমবারই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছিলেন একাংশের শিক্ষার্থীরা। এদিন থেকেই মূলত আন্দোলন ভয়াবহ আকার নেয়। ক্যাম্পাসের মধ্যেই আন্দোলনরত ছাত্রছাত্রীদের উপর ছাত্রলিগের সদস্যরা হামলা চালায় বলে অভিযোগ। ক্ষমতাসীন দল আওয়ামি লিগেরই ছাত্র শাখা হল ছাত্রলিগ। এদিন সেই সংঘর্ষ আরও বড় আকার নেয়। সব মিলিয়ে দুই পক্ষের সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন কয়েকশো মানুষ।

এদিকে, কোটাবিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনার পর আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের নেত্রীরা৷ মঙ্গলবার রাতে তাদের মারধর করা হয় বলেও অভিযোগ৷ বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়েও ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ। সংঘর্ষের ঘটনার পরে মঙ্গলবারও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশজুড়ে থমথমে পরিবেশ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকা সহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সেনা। বিশ্ববিদ্যালয় চত্বরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বুধবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়।
#BangladeshQuotaAndolon
#BangladeshUniversity
#Latestbengalinews
#বাংলাদেশেরপ্রধানমন্ত্রীশেখহাসিনা
# আওয়ামিলিগ
#PrimeMinisterSheikhHasina
#AwamiLeague


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক