Home » ‘আগামী পাঁচ বছরের জন্য দেশের উন্নতির স্বার্থে লড়াই করুন, দলের জন্য নয়,’ বাদল অধিবেশনের শুরুতে বিরোধীদের বার্তা মোদির

‘আগামী পাঁচ বছরের জন্য দেশের উন্নতির স্বার্থে লড়াই করুন, দলের জন্য নয়,’ বাদল অধিবেশনের শুরুতে বিরোধীদের বার্তা মোদির

সময় কলকাতা ডেস্ক, ২২ জুলাইঃ ২২ জুলাই, সোমবার থেকে শুরু হল সংসদের বাদল অধিবেশন। অধিবেশন চলবে ১২ অগাস্ট পর্যন্ত। মঙ্গলবার সংসদে তৃতীয় মোদি সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই নিয়ে সপ্তমবার বাজেট পেশ করতে চলেছেন তিনি। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০২৪-২৫ সালের বাজেট হলেও আগামী পাঁচ বছর দেশ কোন পথে এগোবে তার দিশা দেওয়ার চেষ্টা করবে মোদি সরকার। সোমবার বাদল অধিবেশনের আগে সংসদের বাইরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংসদ ও দেশের জনগণের উদ্দেশে বক্তব্য রাখেন।

আরও পড়ুন   কুলতলিকাণ্ডে ধৃত সাদ্দাম সর্দারের বাড়ির সুড়ঙ্গ নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব রাজ্যপাল বোসের

এদিন বিরোধীদের নিশানা করে মোদি বলেন, ‘দেশবাসীরা আমাদের সংসদে পাঠিয়েছেন দেশের জন্য কাজ করতে, দলের হয়ে লড়াইয়ের জন্য নয়। এবার দেশের উন্নতির কথাই একমাত্র বিবেচ্য হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর। নতুন সংসদ তৈরির পর প্রথম অধিবেশনে ১৪০ কোটি মানুষ যাঁদের সরকার পরিচালনার দায়িত্ব দিয়েছে তাঁদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে।’ এরপরই মোদির সংযোজন, ‘লোকসভা নির্বাচনে মানুষ রায় দিয়েছেন। সব দলের প্রতি আমার আহ্বান আগামী পাঁচ বছরের জন্য দেশের উন্নতির স্বার্থে লড়াই করুন। দেশের প্রধানমন্ত্রীর গলা টিপে ধরার চেষ্টা করছে একাধিক দল। ১৪০ কোটি দেশবাসী যে সরকারকে দেশের সেবার সুযোগ দিয়েছেন সেই সরকারের কণ্ঠরোধ করবেন না। আমার বিশ্বাস, সব সাংসদ ইতিবাচক আলোচনা করবেন। দেশের উন্নতির স্বার্থে নেতিবাচক আলোচনার দরকার নেই। অমৃতকালে বাজেট আগামী পাঁচ বছরের দিশা ঠিক করবে। ২০৪৭ সালে স্বাধীনতার শর্তবর্ষে উন্নত দেশ হিসেবে উঠে আসবে ভারত। অর্থনীতির উন্নতির দিক থেকে ভারত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। অত্যন্ত গর্বের বিষয় যে ৬০ বছর পর কোনও সরকার তৃতীয়বার ক্ষমতায় এল।’

জানা গিয়েছে, এবারের বাদল অধিবেশনে ছয়টি বিল পেশ করবে কেন্দ্র। লোকসভা নির্বাচনে বাংলায় ৩০-৩৫টি আসন টার্গেট নিয়েছিল বিজেপি। কিন্তু ৪ জুনের রেজাল্ট পুরো উল্টে গেল। মাত্র ১২টি আসনের থামতে হয় পদ্ম শিবিরকে। সেই কারণে এবারের বাজেট অনেকটাই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল থেকে শুরু করে অর্থনীতিবিদরা। এবারের বাজেটের কী কী চমক থাকে তা নিয়ে জল্পনা চলছে। কর ছাড়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ে কেন্দ্রীয় সরকার কী পদক্ষেপ করে সেদিকে নজর রয়েছে আমজনতার।

#বাদলঅধিবেশন

#Latestbengalinews

#ParliamentBudgetSession

#PrimeMinisterNarendraModi

About Post Author