সময় কলকাতা ডেস্ক, ২৭ জুলাইঃ প্রয়াত রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। দীর্ঘ দিন ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন। এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শনিবার সকাল পৌনে ৭টা নাগাদ মৃত্যু হয়েছে তাঁর। বিশ্বনাথ চৌধুরীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার রাজ্য সরকারের সমস্ত দফতরে অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে।
কয়েক বছর আগে বিশ্বনাথ ক্যানসার আক্রান্ত হন। তাঁর চিকিৎসা চলছিল শহরের একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু, সেখানে তাঁর চিকিৎসার খরচ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহেই বিশ্বনাথের অসুস্থতার খবর পেয়েছিলেন। এরপর তিনি নিজে এসএসকেএমের সুপারের সঙ্গে যোগাযোগ করে তাঁর চিকিৎসার বন্দোবস্ত করে দিয়েছিলেন। জানা গিয়েছে , গত ১৬ জুলাই এসএসকেএমে ভর্তি করানো হয় প্রাক্তন মন্ত্রীকে। কিন্তু, শেষরক্ষা হল না। হাসপাতাল সূত্রে খবর, শনিবার ভোর রাত থেকেই বিশ্বনাথ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর ভোর ৬ টা ৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
বিশ্বনাথ চৌধুরী টানা সাত বার আরএসপির টিকিটে জয়ী হয়েছিলেন বালুরঘাট বিধানসভা থেকে। ১৯৭৭ সালে তিনি প্রথম বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন। ১৯৮৭ সালে তাঁকে কারা ও সমাজকল্যাণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছিল। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় আসার আগে পর্যন্ত তিনি এই দায়িত্ব সামলেছিলেন। ২০১১ সালে তৃণমূলের শঙ্কর চক্রবর্তী তাঁকে পরাজিত করেন। ৩৪ বছরের বাম শাসনকালের মধ্যে প্রায় আড়াই দশক ধরে মন্ত্রিত্ব সামলেছেন তিনি।
#প্রয়াতরাজ্যেরপ্রাক্তনকারামন্ত্রীবিশ্বনাথচৌধুরী
#LateformerstateministerBiswanathChowdhury
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !