সময় কলকাতা ডেস্ক, ৩০ জুলাইঃ বাঙালির পাতে বেগুন ভাজা কিংবা বেগুনের ঝাল নতুন নয়। ভাজা হোক বা ঝোল, বেগুন বাঙালির চিরকালই বড্ড প্রিয়। কিন্তু, সবসময়ই একরকম বেগুন ভাজা বা বেগুনি কারোরই ভাল লাগে না। তাই একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। বেগুন মানেই কি শুধু ভর্তা? সেই দস্তুর ভেঙ্গে এবার পাতে পড়ুক বেগুন বেগমবাহার। রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন বেগুন বেগমবাহার। ভাতের সঙ্গে একবার এই বেগুন বেগমবাহার খেলে আর ভুলতে পারবেন না। বেগুন বেগমবাহার বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-
উপকরণ
৫০০ গ্রাম বেগুন
আধ কাপ টক দই
২ টেবিল চামচ আদা-রসুন বাটা
২ টেবিল চামচ কাজুবাদাম বাটা
৪-৫টি চেরা কাঁচালঙ্কা
আধ চা চামচ কালোজিরে
১ চা চামচ লঙ্কা গুঁড়ো
১ টেবিল চামচ ধনে গুঁড়ো
আধ চা চামচ গরমমশলা গুঁড়ো
পরিমাণ মতো সর্ষের তেল
১ চিমটে হিং
স্বাদ মতো নুন ও চিনি
প্রণালী
প্রথমে মোটা করে গোল গোল করে বেগুন কেটে নিন। এরপর কাটা বেগুনগুলিকে সামান্য নুন, হলুদ, লঙ্কা এবং চিনি মাখিয়ে পাঁচ থেকে দশ মিনিটের জন্য ঢেকে রাখুন। এবার একটি পাত্রে টক দই ঢেলে তাতে হলুদ, ধনে গুঁড়ো এবং স্বাদ মতো নুন ও চিনি দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। একটি কড়াইয়ে তেল গরম করে নুন-হলুদ মাখানো বেগুনগুলি ছেড়ে দিন। লালচে করে ভাজা হয়ে এলে একটি পাত্রে তুলে রাখুন। ওই একই তেলে কালোজিরে, অল্প হিং, একটি চেরা কাঁচালঙ্কা ফোড়ন দিন। তারপর একে একে আদা-রসুন বাটা, লঙ্কার গুঁড়ো, কাজুবাদাম বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে ফেটিয়ে রাখা টক দই দিয়ে অল্প কষিয়ে বেগুনগুলি ছেড়ে দিন এবং ঢেকে সেদ্ধ হতে দিন। এবার উপর থেকে চেরা কাঁচালঙ্কা ও ধনেপাতা কুচি ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন বেগুন বেগমবাহার।
#বেগুনবেগমবাহার
#Eggplantbegambahar


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি