সময় কলকাতা ডেস্ক, ৩ আগস্ট: গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পাশাপাশি সক্রিয় মৌসুমী অক্ষরেখা ও পূর্ব-পশ্চিম অক্ষরেখা। যার কারণে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় গত তিনদিন ধরে একানাগাড়ে বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপ ও টানা বৃষ্টির জেরে এবার ৭০ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি। ডুবতে পারে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানের নিচু এলাকা। উদ্বেগে রাখছে গালুডি, ম্যাসাঞ্জোর জলাধারও। মাইথন এবং পাঞ্চেত জলাধারে প্রচুর পরিমাণ জল জমা হতেই শুক্রবার সেখান থেকে ৬ হাজার করে মোট ১২ হাজার কিউসেক জল ছাড়া হয়। বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিপাত হওয়ায় দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার জল ছাড়া হয়েছিল প্রায় ২০ হাজার কিউসেকের বেশি।
যদিও এ দিন ৭০ হাজার কিউসেক জল ছাড়া হলেও বিপদসীমার ঊর্ধ্বে তা যায়নি। ২৩ থেকে ৫০ হাজার কিউসেক জল ছাড়া হলে তা সবুজ সঙ্কেতের আওতায় ধরা হয়ে থাকে। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, এখনই বৃষ্টিপাত কমার কোনও সম্ভাবনা নেই। নিম্নচাপ এবং সক্রিয় মৌসুমী অক্ষরেখার কারণে নাগাড়ে বৃষ্টিপাত হচ্ছে। তাই আগে থেকেই সতর্ক ডিভিসি কর্তৃপক্ষ। ড্যামে প্রচুর জল জমা রয়েছে। ফলে টানা বৃষ্টি বলে বেশি পরিমাণ জল ছাড়তে হবে ডিভিসিকে।
হাওয়া অফিস সূত্রে খবর, ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা অবস্থান করছে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘণ্টা পুরোপুরি ঝাড়খণ্ড থেকে তা সরে যাবে। ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে তা এগোচ্ছে। এদিকে, নিম্নচাপের জেরে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায় দিনভর বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে, উত্তরবঙ্গে আরও দুই থেকে তিন দিন প্রবল দুর্যোগ চলতে পারে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং-এই তিন জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার থেকে উত্তরবঙ্গের নীচের দিকের তিন জেলা মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা কমতে পারে।
# DVCreleased70thousandcusecsofwater
#Latestbengalinews


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !