সময় কলকাতা ডেস্ক, ১৩ আগস্টঃ আরজিকর হাসপাতালে চিকিৎসক খুনের ঘটনায় তোলপাড় রাজ্য। দফায় দফায় চলছে বিক্ষোভ-প্রতিবাদ। পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে সোমবারই পদত্যাগ করেছেন্ আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপর এদিন সকাল থেকেই শোনা যাচ্ছিল, আরজিকর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বদলি করে দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষকে। তাঁকে পাঠানো হচ্ছে ন্যাশনাল মেডিক্যাল কলেজে হাসপাতালের দায়িত্বে। সন্দীপ ঘোষের এই নিয়োগ নিয়ে প্রতিবাদও শুরু হয় নতুন করে। এই বিজ্ঞপ্তি জারির পরেই সন্দীপ ঘোষের কুশপুতুল পোড়ান আন্দোলনরত ডাক্তাররা।
আরও পড়ুন আরজিকর কাণ্ডে CBI তদন্তের দাবি, দেশজুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসক মহলের
মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু হয় ন্যাশনাল মেডিক্যাল কলেজে। অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আন্দোলন শুরু করেন পড়ুয়ারা। হাসপাতালের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে তাঁরা। অধ্যক্ষের ঘরের সামনে ধর্নায় বসে পড়েন অনেকে। স্লোগান ওঠে সন্দীপের বিরুদ্ধে। পড়ুয়ারা স্পষ্ট জানিয়ে দেন, অধ্যক্ষ হিসেবে তাঁরা কোনওমতেই মানবেন না অভিযুক্ত সন্দীপ ঘোষকে। এরপর বেলা ১০টা নাগাদ পরিস্থিতি আরও তপ্ত হতেই ন্যাশনাল মেডিক্যাল কলেজে পোঁছন সেখানকার রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহা। পৌঁছন রাজ্যের মন্ত্রী জাভেদ খানও। তাঁদের ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেন বিক্ষোভরত পড়ুয়ারা। এহেন পরিস্থিতিতে এন্টালির তৃণমূল বিধায়ক স্বর্ণকমল পড়ুয়াদের উদ্দেশে বলেন, ‘আপনাদের কথা শুনব না, এমন নয়। আপনাদের বক্তব্য শুনতেই আমি এখানে এসেছি।’
প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর থেকেই আরজিকর হাসপাতালের অধ্যক্ষ সন্দীপ ঘোষের পদত্যাগের দাবিতে সরব হয়েছিল কর্তব্যরত চিকিৎসক থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকেরা। এর আগেও তাঁর বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ সামনে এসেছিল। স্বাস্থ্য দপ্তরের তরফে আরজিকর মেডিক্যাল কলেজের সুপারকে সঞ্জয় বশিষ্ঠকে ইতিমধ্যেই অপসারণ করা হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে বুলবুল মুখোপাধ্যায়কে। কিন্তু তখনও প্রশ্ন ওঠে সুপার অপসারিত হলেও, বহাল তবিয়তে কেন থাকবেন অধ্যক্ষ? এই পরিস্থিতিতে চাপ বাড়তে থাকে অধ্যক্ষের। এসবের মাঝেই পড়ুয়াদের আন্দোলনের মুখে পড়ে শেষমেশ সোমবার পদত্যাগ করেন আরজিকর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এরপরেই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পদে বহাল করা হয় তাঁকে। অন্যদিকে আরজি কর মেডিক্যাল কলেজের প্রিন্সিপালের দায়িত্ব দেওয়া হয় ডাক্তার সুহৃতা পালকে।
#ChittaranjanNationalMedicalCollege
#SandipGhosh
#RGkarHospital
#RGkarPrincipalSandeepGhoshresigned
#RGkarPrincipalSandeepGhosh
#RGKARDoctorDeath
#Latestbengalinews


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
কিশোরীর মৃত্যু, নেপথ্যে “কৃত্তিম অশ্লীল ছবি ” আর সালিশি সভা এবং বিচারের বাণী