সময় কলকাতা ডেস্ক, ২৪ আগস্টঃ নিম্নচাপের দোসর ঘূর্ণাবর্ত! ফের উত্তর বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এই জোড়া ফলায় শনি-রবিবার বৃষ্টিপাত আরও বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার পর্যন্ত আবহাওয়ার বিশেষ বদলের সম্ভাবনা নেই। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। একাধিক জেলায় রয়েছে কমলা সতর্কতাও। জানা গিয়েছে, দিনভর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে। উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যেই ঘূর্ণাবর্তের জেরে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখা অবস্থান করছে হিমালয়ের পাদদেশে। আর এই নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। একইসঙ্গে উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা।

পূর্বাভাস বলছে, শনিবার সকাল থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে কলকাতা ও তার আশেপাশের এলাকায়। সেইসঙ্গে বইছে ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘণ্টার শহর কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। গত কয়েকদিন ধরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ায় অনেকটাই স্বস্তি পেয়েছে শহরবাসী। আপাতত গরম কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তি বজায় রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস থাকবে। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৯০ থেকে ৯৪ শতাংশ।
হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে। তবে, বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প থাকার কারণে বেলা যত বাড়বে অস্বস্তি বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাকুঁড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশে দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে, শুক্রবার উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচটি জেলা-দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কমলা সতর্কতা জারি করা হয়েছে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!