Home » সিপির পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না, সাফ জানালেন মমতা

সিপির পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না, সাফ জানালেন মমতা

সময় কলকাতা ডেস্ক, ৯ সেপ্টেম্বর: ‘কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলকে এখনই সরানো হবে না’। সোমবার সাফ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নির্যাতিতার পরিবার তাঁর দিকে আঙুল তুলেছেন, তাঁর পদত্যাগ চেয়ে সরব হয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরাও। কলকাতার পুলিশ কমিশনার পদ থেকে বিনীত গোয়েলের ইস্তফা দাবি জানিয়ে কদিন আগেই লালবাজারে ডেপুটেশন দিয়েছেন জুনিয়র ডাক্তাররা।

আরও পড়ুন  US Open: স্ট্রেট সেটে ইউএস ওপেন জয়ী সিনার, সমালোচনাকে ছাপিয়ে দখল বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম

এহেন পরিস্থিতিতে রাজ্যপাল সিভি আনন্দ বোস জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকতে বলেন। ওই বৈঠকেই কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেন রাজ্যপাল। তিলোত্তমার বিচার চেয়ে জনগণের দাবি নিয়ে আলোচনার করার পরামর্শও দেন তিনি। এদিন সেই বৈঠকেই মুখ্যমন্ত্রী বলেন, কলকাতা পুলিশ কমিশনার নিজে এসেছিলেন আমার কাছে পদত্যাগ করার জন্য। কিন্তু সামনে পুজো। ল’ অ্যান্ড অর্ডারটা বড় বিষয়। যিনি দায়িত্বে থাকবেন, তাঁকে তো বিষয়টা জানতে হবে। সবকিছুর জন্যই ধৈর্য ধরতে হয়। কদিন অপেক্ষা করলে কী অসুবিধা আছে? আপনি ১০টা দাবি দিতে পারেন। আমি ৫টা করতে পারি, ৫টা নাও করতে পারি।”

প্রসঙ্গত, আরজিকর কাণ্ডে প্রথম থেকেই কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে নানামহলে প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই বিনীত গোয়েলের পুলিশ মেডেল কেড়ে নিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে, সুপ্রিম কোর্ট নির্যাতিতার নাম প্রকাশ্যে আনতে নিষেধ করেছিলেন। কিন্তু, তারপরেও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সংবাদমাধ্যমে নির্যাতিতার নাম উল্লেখ করেছেন বলে অভিযোগ তোলেন মামলাকারী তথা আইনজীবী অমৃতা পাণ্ডে। গত বুধবারই সিপির পদত্যাগের দাবি তুলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে মামলা করার আর্জি জানান তিনি। এসবের মাঝেই এবার কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীকে বৈঠক ডাকার নির্দেশ রাজ্যপালের।

About Post Author