সময় কলকাতা ডেস্ক, ২৪ সেপ্টেম্বর: আমেরিকায় কোয়াড সম্মেলনে যোগ দিয়ে কলকাতায় সেমি কন্ডাক্টর প্ল্যান্ট তৈরির কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতায় কারখানা তৈরির ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রকম সহযোগিতা করবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় সেমি কন্ডাক্টর প্ল্যান্ট নির্মাণের পেছনে রাজ্যের ভূমিকা কী রয়েছে? এবার সেই বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন Tirupati Laddu: তিরুপতি লাড্ডুতে এবার গুটকা! অভিযোগে ফুঁসে উঠেছেন ভক্তেরা
মুখ্যমন্ত্রী নিজের ফেসবুকে একটি পোস্টে করে লেখেন , চলতি বছরে গ্লোবাল ভিএলএসএল কনফারেন্স-এ সেমি কন্ডাক্টরের সমস্ত শীর্ষ স্থানীয় কোম্পানির অংশগ্রহণ করে। রাজ্যের সঙ্গে ক্রমাগত আলোচনার পরিপ্রেক্ষিতে কলকাতায় একটি গ্লোবাল ক্যাপাবিলিটি সেন্টার স্থাপনের জন্য উদ্যোগী হয়েছে গ্লোবাল ফাউন্ড্রিজ। কলকাতায় এই সেমিকন্ডাক্টর কারখানা তৈরির ক্ষেত্রে সমস্ত রকম সহযোগিতা করবে পশ্চিমবঙ্গ। গত এক বছরে রাজ্যের তথ্য প্রযুক্তি বিভাগ এবং ওয়েবেল চিপ-ডিজাইনিং এবং প্যাকেজিং স্টার্টআপের জন্য শীর্ষস্থানীয় সেমি কন্ডাক্টর কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করে। গ্লোবাল ফাউন্ড্রিজ, সিনপসিস, মাইক্রোন এবং আরও কয়েকটি আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর কোম্পানি পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি বৈঠকে অংশ নিয়েছিল। তারা উন্নত প্রযুক্তি এবং বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে রাজ্যের ইউনিট এবং অফিস পরিদর্শন করেছে।

উল্লেখ্য, আমেরিকা সফরের প্রথম দিনে কোয়াড সম্মেলনের ফাঁকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেখানেই কলকাতায় সেমি-কন্ডাক্টর প্ল্যান্ট তৈরি নিয়ে আলোচনা হয় দুজনের মধ্যে। জানা গিয়েছে, হাজার হাজার যুবক-যুবতীর কর্মসংস্থান হতে পারে সেমি-কন্ডাক্টর শিল্পের হাত ধরে। ভারতের সেমিকন্ডাক্টর মিশনের অধীনে ভারত সেমি, 3rdiTech ও ইউএস স্পেস ফোর্সের অংশীদারিত্বে সেমিকন্ডাক্টর প্ল্যান্ট তৈরি করা হবে বলে সূত্রের খবর। বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, বৈশ্বিক স্ট্রাটেজিক অংশীদারিত্ব নিয়ে দুই রাষ্ট্রনেতার মধ্যে আলোচনা হয়েছে। একইসঙ্গে মিলিত আগ্রহে কীভাবে ভারত-আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করা যায়, তা নিয়েও দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ফেরাতে এবং আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুর সমাধান নিয়েও তারা নিজেদের মতামত রেখেছেন।


More Stories
মেসিকাণ্ড ঘিরে “কুৎসা”, ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন সৌরভ
আরজিকরের তরুণ চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যু, নেপথ্যে কোন রহস্য ?
নাটকীয় দৃশ্য। সেনার ট্রাক আটকাল কলকাতা পুলিশ !